দ্বন্দ্বমুখর থাইল্যান্ড

‘আমি ক্ষমতা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছি’—বিবদমান রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠকের একপর্যায়ে টেবিল চাপড়ে বললেন থাইল্যান্ডের সেনাপ্রধান জেনারেল প্রাইউথ শান-ওশা। ছয় মাসের রাজনৈতিক অচলাবস্থায় অধৈর্য সেনানায়কের এ ঘোষণার মধ্য দিয়ে সূচিত হলো দক্ষিণ-পূর্ব এশিয়ার একসময়ের ‘অর্থনৈতিক বাঘ’ থাইল্যান্ডের সেনাপীড়িত রাজনীতির নতুন পর্ব। ১৯৩২ সাল থেকে থাইল্যান্ডের দ্বাদশ অভ্যুত্থান এটি। পর্যবেক্ষকেরা বলছেন, দেশটির গণতন্ত্রের আজকের দুরবস্থা ও জনগণের চোখে সম্মানিত রাজতন্ত্রের অবক্ষয় দুটিই তুলে ধরেছে এ অভ্যুত্থান।
থাইল্যান্ডের অভ্যুত্থান ব্যাপক আন্তর্জাতিক সমালোচনার জন্ম দিয়েছে। সেনাপ্রধান আর দশজন অভ্যুত্থানের নায়কের মতোই বলেছেন, শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনাই তাঁর লক্ষ্য। তবে তাঁর হস্তক্ষেপ গভীরভাবে দ্বিধাবিভক্ত থাই রাজনীতি ও সমাজে ঐক্য ফিরিয়ে আনবে, এ আশা অন্তত এখন পর্যন্ত কেউ করছেন না।
থাইল্যান্ডের গণতান্ত্রিক প্রক্রিয়ার আকাশে কালো মেঘ ঘনিয়ে ওঠে ২০০৬ সােল। সে বছর সেনাবাহিনী প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার বিরুদ্ধে অভ্যুত্থান করে। সিনাওয়াত্রা জনপ্রিয় হলেও ছিলেন নানা কারণে বিতর্কিত। আন্তর্জাতিক বিশ্লেষকেরা বলেছেন, ওই অভ্যুত্থান-পরবর্তী নেতারা দলীয় কোন্দলের ঊর্ধ্বে উঠে কার্যকর জাতীয় সমঝোতা প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছেন। তখন থেকেই থাইল্যান্ডের অবস্থান চরম ত্রুটিপূর্ণ গণতন্ত্র আর মাঝারি গোছের স্বৈরতন্ত্রের মধ্যকার ধূসর অঞ্চলে। এ সময়ে থাকসিনকে ক্ষমতায় আনা নির্বাচনী গণতন্ত্রীরা মুখোমুখি হয় রাজতন্ত্রপন্থীদের। রাজতন্ত্রপন্থীরা স্বেচ্ছানির্বাসনে বিদেশে থাকা থাকসিন সিনাওয়াত্রার প্রভাব খর্ব করার আহ্বান জানায় দেশের প্রথাগত অভিজাত শ্রেিণকে।
থাইল্যান্ডের রাজসিংহাসনে পালাবদল আসন্ন। এমন প্রেক্ষাপটে একদিকে রাজনীতিকেরা ক্ষমতার অলিন্দে নিজেদের স্থান করে নিতে লড়ছেন, অন্যদিকে নিজেদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত দেশের মধ্যবিত্ত শ্রেণির দুটি অংশ। এ দুই মধ্যবিত্ত শ্রেণির একদিকে রয়েছে গ্রামাঞ্চলের সঙ্গে যোগসূত্র আছে এবং থাকসিনের অর্থনৈতিক নীতিতে লাভবান হয়েছেন এ রকম উঠতি মধ্যবিত্তরা। আর একদিকে আছেন রাজতন্ত্রের সঙ্গে সম্পর্কের কারণে আগে থেকেই বিত্ত, সম্মান ও প্রভাব অর্জন করা ব্যাংককের মধ্যবিত্ত শ্রেিণ। এই দ্বিতীয় দলটি রাজধানী ব্যাংককে রাজতন্ত্রপন্থীদের টানা কয়েক দশকের পঁুজিবাদী বিনিয়োগে আঙুল ফুলে কলাগাছ হয়েছে।
বস্তুত থাইল্যান্ডের সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানই ধীরে ধীরে চলমান রাজনৈতিক দ্বন্দ্বে জড়িয়ে পড়ে। বিশেষ করে বিচার বিভাগ থাকসিনবিরোধীদের পক্ষে দাঁড়ায় এবং তাঁর সঙ্গে ঘনিষ্ঠ সরকারগুলোর অপসারণে সক্রিয় ভূমিকা নেয়৷ রাজনৈতিক প্রক্রিয়ায় বিচার বিভাগের ‘একতরফা হস্তক্ষেপের’ কারণে দ্বৈত নীতি অনুসরণের অভিযোগ ওঠে। থাকসিন-সমর্থকেরা আইনের শাসনের ব্যাপারে সন্দিহান হয়ে ওঠে। থাইল্যান্ডের ‘বিচার বিভাগীয়করণ’ (যার পরিণতিতে সম্প্রতি থাকসিনের বোন প্রধানমন্ত্রী ইংলাক পদ হারিয়েছেন) কিন্তু চলমান সংকটের সমাধানে কোনো ভূমিকা রাখেনি।
এই বৃহত্তর প্রেক্ষাপটে দেখলে সেনাবাহিনীর সাম্প্রতিকতম হস্তক্ষেপ থাইল্যান্ডের গণতন্ত্র যে কী পরিমাণ অকার্যকর হয়ে উঠেছে তারই ইঙ্গিত। প্রথমে সামরিক আইন জারি এবং পরে পুরোদস্তুর অভ্যুত্থানের ঘোষণা দেওয়া সেনাপ্রধান প্রাইউথ শান-ওশা শুধু গণতন্ত্র ও নাগরিক অধিকারকেই স্থগিত রাখেননি, তিনি রাজার ক্ষমতাও কার্যত দখল করে নিয়েছেন। থাইল্যান্ডের নিয়ম অনুযায়ী, দেশজুড়ে সামরিক আইন জারি করতে হলে তা শুধু রাজকীয় ঘোষণার মাধ্যমেই সম্ভব। এ কারণে জেনারেল প্রাইউথের কার্যকলাপ ইঙ্গিত দিচ্ছে, শুধু থাই গণতন্ত্রই নয়, ঐতিহ্যবাহী রাজতন্ত্রও চাপের মুখে। এমন সময় এ ঘটনা ঘটল, যখন কিনা ধীরে ধীরে রাজনৈতিক দৃশ্যপট থেকে সরে যাচ্ছেন অসুস্থ ও ৮৬ বছর বয়সী রাজা ভূমিবল আদুলিয়াদেজ। দেশের রাজতন্ত্রের এই নাজুক লগ্নে রাজসিংহাসনও আলোচনার টেবিলে উঠেছে।
২০০৬ সালের সেনা অভ্যুত্থানকারীরা রাজার সমর্থন পেলেও এবারের ঘটনার নায়কেরা শুরুতে রাজার কাছ থেকে বৈধতা পাওয়ার কোনো চেষ্টাই করেননি। হস্তক্ষেপের কয়েক দিন পর গত সোমবার সেনা সদর দপ্তরে এক অনুষ্ঠানে রাজকীয় ঘোষণার মাধ্যমে সেনাপ্রধানকে দেশ পরিচালনার দায়িত্ব তুলে দেওয়া হয়। লক্ষ করার মতো বিষয় হচ্ছে, এ অনুষ্ঠানে রাজা ভূমিবল সশরীরে উপস্থিত ছিলেন না। পুয়ে থাই দলের তত্ত্বাবধায়ক সরকারকে উৎখাত করে জেনারেল প্রাইউথ সম্ভবত রাজপরিবারের একজন গুরুত্বপূর্ণ সদস্যকে প্রতিপক্ষই করে তুলেছেন। তিনি হলেন যুবরাজ ভাজিরালংকর্ন স্বয়ং। যুবরাজ থাকসিনের ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত। কৌতূহলকর বিষয় হচ্ছে, যুবরাজকে সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ পদাতিক রেজিমেন্টের কমান্ডার করা হয়েছে। তিনি রাষ্ট্রের প্রতিরক্ষা পরিষদের সদস্যও বটে। এ কারণে আগামী কয়েক সপ্তাহের মধ্যে সেনাবাহিনীর ভেতরে এবং প্রাসাদে নানা ক্ষমতার লড়াই ও দ্বন্দ্বমুখর পরিস্থিতির সৃষ্টি হতে পারে।
রাজার শারীরিক অবস্থার দ্রুত অবনতি হচ্ছে। আর বেশি দিন হয়তো তাঁর নেতৃত্ব এখনকার মতো শ্রদ্ধাভক্তি আদায় করবে না। এ কারণে রাজার দাক্ষিণ্যে এত দিন অর্থে-প্রতিপত্তিতে ফুলে-ফেঁপে উঠেছেন যাঁরা, তাঁরা গ্রামের আমজনতার কাছে সব হারানোর ভয়ে ভীত। তাঁদের মধ্যে আছে রাজতন্ত্রপন্থী অভিজাত, সেনা কর্মকর্তারা ও ব্যাংককের একশ্রেণির মধ্যবিত্ত।
সাম্প্রতিক বছরগুলোয় থাইল্যান্ডের জনগণের আশা-আকাঙ্ক্ষায় অনেক পরিবর্তন ঘটেছে। তীব্রভাবে মাথাচাড়া দিয়ে উঠেছে একান্তই থাই ঘরানার পুঁজিবাদী সংস্কৃতি। রাজা ভূমিবলের আমলের অন্যতম বৈশিষ্ট্য ছিল যে ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ তা অনেকটাই নিঃশেষিত। চলমান ঘটনা এই পরিবর্তনশীলতারই একটি বহিঃপ্রকাশ।
আলোচনার মাধ্যমে থাইল্যান্ডের চলতি সংকটের নিরসন হবে, সে ব্যাপারে আশাবাদী লোকের সংখ্যা কম। বিক্ষোভকারীদের সতর্ক করে সেনাপ্রধান বলেছেন, অসন্তোষ চলতে থাকলে শক্তি প্রয়োগ করা ছাড়া তাঁদের হাতে বিকল্প থাকবে না। অর্থাৎ সামনে ব্যাপক রক্তক্ষয়ের আশঙ্কা জোরালো। তবে অনেকের মতে, সমঝোতার সম্ভাবনাও একেবারে উড়িয়ে দেওয়া যায় না।
স্বল্প মেয়াদে এই অভ্যুত্থানের ফল ভালো হবে না। তবে আশা করা হচ্ছে, থাইল্যান্ড শেষ পর্যন্ত উপলব্ধি করবে যে রাজকীয় বৈধতার যুগের অবসান ঘটতে চলায় গণতন্ত্র ছাড়া দেশটির আর কোনো উপায় নেই। অভিজাত রক্ষণশীলদের অবশ্যই উঠতি মধ্যবিত্ত ও গ্রামাঞ্চলের দরিদ্রদের ভাগ্যোন্নয়নের স্বপ্নকে স্বীকার করতে হবে। অন্যদিকে প্রতিপক্ষকে বুঝতে হবে পুরোনো মধ্যবিত্ত শ্রেণি, ঐতিহ্যবাহী অভিজাত শ্রেণি ও অন্যান্য থাকসিনবিরোধীরা তাদের প্রভাব-প্রতিপত্তি হারিয়ে ফেলা নিয়ে উদ্বিগ্ন। আলোচনার মাধ্যমে রক্তপাত এড়ানো সম্ভব হলে শিগগিরই থাইল্যান্ড ইতিবাচক পরিবর্তনের পথে ফিরে আসবে। কিন্তু সমঝোতা-প্রক্রিয়া ব্যর্থ হলে সামনে বড় বিপর্যয় অপেক্ষা করছে।
সূত্র: বিবিসি, দ্য ডিপ্লোম্যাট ও বিভিন্ন বার্তা সংস্থা