দ্বাদশ শ্রেণির পড়াশোনা: সমাজবিজ্ঞান
সমাজবিজ্ঞান
অধ্যায়-৪ n
প্রিয় শিক্ষার্থীরা, আজ সমাজবিজ্ঞান বিষয়ের ৪ নম্বর অধ্যায় থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।
# মিতা পরিবারের ছোট মেয়ে। প্রথা অনুযায়ী সে মায়ের সব সম্পত্তির মালিক হবে। পরিবারের পছন্দে তাকে তার মামাতো ভাইয়ের সঙ্গে বিয়ে দেওয়া হয়। বিয়ের পর সে তার নতুন বরকে নিয়ে স্থায়ীভাবে তার মা-বাবার বাড়িতে থাকছে।
প্রশ্ন:
ক. মণিপুরি সম্প্রদায় কোন ধর্মে বিশ্বাসী?
খ. নৃগোষ্ঠী বলতে কী বোঝো?
গ. মিতা কোন ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্য?
ঘ. ওই নৃগোষ্ঠীর কোনো পরিবর্তন কি তুমি লক্ষ করছ?
উত্তর: ক. মণিপুরি সম্প্রদায় হিন্দুধর্মের বৈষ্ণবীয় মতবাদে বিশ্বাসী।
উত্তর: খ. নৃগোষ্ঠী বলতে মানবপ্রজাতির একেকটি উপরিভাগকে বোঝায়। একই দৈহিক আকৃতি ও বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তিবর্গকে বোঝায়, যা বংশপরম্পরায় উত্তরাধিকার সূত্রে বর্তিয়ে থাকে। ই বি টেইলরের মতে, ‘নৃগোষ্ঠী হচ্ছে মানবজাতির একটি প্রধান বিভাগ, যার রয়েছে উত্তরাধিকার সূত্রে বর্তায় এমন নির্দিষ্ট দৈহিক বৈশিষ্ট্যাবলি।’ সুতরাং, বলা যায় নৃগোষ্ঠী হলো মানবজাতির এমন একটি উপবিভাগ, যার সদস্যদের মধ্যে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত কতগুলো সাধারণ দৈহিক বৈশিষ্ট্য বিদ্যমান থাকে।
উত্তর: গ. মিতা বাংলাদেশের গারো নৃগোষ্ঠীর সদস্য।
গারো পরিবার মাতৃপ্রধান। মাতৃসূত্রীয় রীতি অনুযায়ী পরিবার পরিচালিত হয়। বংশ মর্যাদা ও উত্তরাধিকার রীতি মা থেকে মেয়েতে বর্তায়। পরিবারের কনিষ্ঠ মেয়ে মায়ের সব সম্পত্তি পেয়ে থাকে। যে সম্পত্তি পায়, তাকে নোকনা বলা হয়। নোকনা তার স্বামীকে নিয়ে স্থায়ীভাবে মায়ের বাড়িতে থাকে। যেহেতু সে পরিবারের সম্পত্তি পাবে, তাই সে বৃদ্ধকালে মা-বাবার সেবাযত্ন করতে বাধ্য। গারো সমাজে মনোগামী তথা যুগল বিবাহরীতি বেশি লক্ষ করা যায়। তাদের সমাজে ক্রস কাজিন বিয়ে বা মামাতো ও ফুফাতো ভাইবোনদের মধ্যে বিয়ে অনুমোদিত হলেও প্যারালাল কাজিন বিয়ে বা খালাতো ও চাচাতো ভাইবোনদের মধ্যে বিয়ে নিষিদ্ধ।
উদ্দীপকে দেখা যাচ্ছে, মিতা পরিবারের ছোট মেয়ে। তাই সে মায়ের সম্পত্তি পাবে। বিয়ের পর সে স্বামীকে নিয়ে স্থায়ীভাবে মায়ের বাড়িতে বসবাস করছে, যা বাংলাদেশের গারো সমাজেই দেখা যায়। তাই মিতা গারো নৃগোষ্ঠীর সদস্য।
উত্তর: ঘ. সাম্প্রতিক সময়ে গারো সমাজে নানা ধরনের পরিবর্তন লক্ষণীয়। তাদের ঐতিহ্যবাহী সম্পর্ক ও রীতিনীতিতে পরিবর্তন আসছে।
পরিবার ও বিয়েব্যবস্থার মধ্যে কিছু কিছু ক্ষেত্রে পরিবর্তন দেখা যাচ্ছে। যেমন গারো সমাজের রীতি অনুযায়ী বিয়ের পর নবদম্পত্তি স্ত্রীর মায়ের বাড়িতে বাস করত। কিন্তু এখন শিক্ষিত গারোরা বাঙালি সমাজের মতো পিতৃবাসে অভ্যস্ত হচ্ছে। একইভাবে সমাজে যৌতুকপ্রথার উদ্ভব হচ্ছে।
গারো সমাজে আগের জুমচাষের পরিবর্তে হালকৃষি প্রবর্তিত হয়েছে। প্রথাগত অর্থনৈতিক ব্যবস্থার স্থলে বাজার অর্থনীতি চালু হয়েছে। সঙ্গে সমাজে বৈষম্যও বৃদ্ধি পেয়েছে।
গারোদের অধিকাংশ তাদের ঐতিহ্যবাহী ধর্ম থেকে খ্রিষ্টান ধর্মে ধর্মান্তরিত হয়েছে। বর্তমানে ৯০ শতাংশই গারোই ধর্মান্তরিত খ্রিষ্টান। রাজনৈতিক ক্ষেত্রেও গারোদের মধ্যে পরিবর্তন এসেছে। ঐতিহ্যবাহী নেতৃত্বের স্থলে বাংলাদেশের প্রশাসনিক ব্যবস্থা গড়ে উঠেছে।
শিক্ষার ক্ষেত্রে গারোদের মধ্যে অগ্রহ সৃষ্টি হয়েছে। গারো অঞ্চলে খ্রিষ্টান মিশনারি পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে উঠেছে। তাই আগের নিরক্ষর গারোরা এখন শিক্ষার আলো পেয়ে শিক্ষিত হচ্ছে। শিক্ষিত গারোরা চাকরি করছে। ফলে সমাজে গতিশীলতা বৃদ্ধি পেয়েছে এবং সমাজ দিন দিন আরও পরিবর্তিত হচ্ছে।
মোহাম্মদ হেদায়েত উল্যাহ, প্রভাষক
এনায়েতবাজার মহিলা কলেজ, চট্টগ্রাম