দ্বিতীয় জাতীয় রুবিক কিউব প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণিত উত্সবের দ্বিতীয় দিন সকালে দ্বিতীয় জাতীয় রুবিক কিউব প্রতিযোগিতার আয়োজন করা হয়। সাম্প্রতিক সময়ের জনপ্রিয় এ কিউব মেলানোর প্রতিযোগিতা গণিত উত্সবের সব আঞ্চলিক পর্বে আয়োজন করে গণিত অলিম্পিয়াড কমিটি। ত্রিমাত্রিক রুবিক কিউব নিয়ে উত্সবের প্রথম দিন গণিতের বইয়ের দোকানে খোঁজখবর নিতে দেখা যায় শিক্ষার্থীদের। প্রতিযোগিতায় যারা গণিত অলিম্পিয়াডের জন্য নির্বাচিত হয়েছিল, তারা ছাড়াও অনেক শিক্ষার্থী শুধু অংশ নেওয়ার জন্য উত্সবে হাজির হয়। দুই পর্বে আয়োজন করা হয় এ প্রতিযোগিতা। প্রথম পর্বে বিভিন্ন শ্রেণীর ৭২ জন শিক্ষার্থী অংশ নেয় প্রাক-নির্বাচনে। এদের মধ্য থেকে সেরা ১২ জনকে নিয়ে দ্বিতীয় পর্বের আয়োজন করা হয়। স্বেচ্ছাসেবক মুভার্সরা অংশ নেওয়া প্রতিযোগীদের রুবিক কিউব এলোমেলো করে দেয়। পরে মাইক্রোফোনে ঘোষণার সঙ্গে সঙ্গে মুভার্সরা রুবিক কিউব প্রতিযোগীদের হাতে দিয়ে দেয়। হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে যেন সবার মধ্যে বিদ্যুত্ খেলে যায়। দ্রুতগতিতে কিউব নোটেশনের পর নোটেশন ব্যবহার করে সবাই ব্যস্ত হয়ে পড়ে কিউব মেলাতে। এক মিনিটের কম সময়ের মধ্যে ১২ জন খুদে ক্রীড়াবিদ এলোমেলো রুবিক মিলিয়ে ফেলে। মাত্র ২৯ সেকেন্ডে কিউব মিলিয়ে ফেলে রংপুর জিলা স্কুলের ছাত্র ফাহাদ আহমেদ আকাশ। গবর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলের ছাত্র মেহেদী হাসান হিমেল ৩৭ সেকেন্ডে মিলিয়ে প্রতিযোগিতায় দ্বিতীয় হয়। ৪১ সেকেন্ড সময় নিয়ে কৃষি বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র আতিকুর রহমান প্রতিযোগিতায় তৃতীয় সেরা নির্বাচিত হয়। গত বছরের নবম জাতীয় গণিত উত্সবের রাজশাহীর শিহাব সারারের ৫৭ সেকেন্ডের জাতীয় রেকর্ড ভেঙে ২৯ সেকেন্ড এখন জাতীয় রেকর্ড। বাংলাদেশের প্রতিযোগীদের সময়ের ক্ষেত্রে এগিয়ে যাওয়ায় সন্তোষ প্রকাশ করেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসান। তাঁর ধারণা, আগামী কয়েক বছরের মধ্যে রুবিক কিউবের আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য বাংলাদেশের শিক্ষার্থীরা তৈরি হয়ে উঠবে। বাংলাদেশের শিক্ষার্থীরা যদি ১৫ সেকেন্ডের মধ্যে এলোমেলো রুবিক মেলাতে পারে, তাহলে তাদের বিশ্ব রুবিক প্রতিযোগিতায় পাঠানো হবে বলে উত্সবে ঘোষণা করা হয়। মুহম্মদ জাফর ইকবাল দেশে উন্নত মানের কিউব আনা হলে প্রতিযোগীদের সাফল্য আরও বেশি হবে বলে মত প্রকাশ করেন। এখানে উল্লেখ্য, বিশ্ব রুবিক কিউব প্রতিযোগিতায় সর্বনিম্ন সময়ে কিউব মেলানোর রেকর্ড ৫.৬৬ সেকেন্ড। জয়দীপ সুমন সরকার ও মানস কুমার নাথ