দ্বিতীয় আইটি কার্নিভ্যাল শুরু বৃহস্পতিবার

রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট কলেজে আগামীকাল বৃহস্পতিবার দ্বিতীয় এসিসি আইটি (ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি) কার্নিভ্যাল উদ্বোধন হবে। বেলা ১১টায় তিন দিনব্যাপী এই উৎসবের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ আহমেদ আলী।
স্কুল ও কলেজ পর্যায়ে দেশে দ্বিতীয়বারের মতো আয়োজিত আইটি কার্নিভ্যালের উদ্বোধনী অনুষ্ঠানের পর ফিফা-১৭-এর রাউন্ড-১ বেলা ১টায় শুরু হয়ে শেষ হবে বিকেল ৫টার দিকে।
আদমজী ক্যান্টনমেন্ট কলেজে আইটি ক্লাবের আয়োজনে কার্নিভ্যাল প্রতিযোগিতায় অংশ নিচ্ছে রাজধানীর প্রায় ১৪০ টির বেশি স্কুল ও কলেজ। সবার জন্য উন্মুক্ত এই আয়োজনের দ্বিতীয় দিনের কর্মসূচি শুরু হবে শুক্রবার সকাল নয়টায়।

কার্নিভ্যালের আয়োজক আদমজী ক্যান্টনমেন্ট কলেজ আইটি ক্লাব জানায়, বিজ্ঞান বিষয়ে ছাত্রছাত্রীদের মেধার বিকাশ ও তথ্যপ্রযুক্তি সম্পর্কে নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে আয়োজন করা হয়েছে জাতীয় আইটি কার্নিভ্যাল-২০১৭।
দ্বিতীয় দিনের অনুষ্ঠান সূচিতে রয়েছে আইটি প্রজেক্ট প্রদর্শনী, আইটি অলিম্পিয়াড, আইটি কুইজ কমপিটিশন, ডিজিটাল আর্ট ডিসপ্লে, প্রোগ্রামিং কনটেস্ট, মোবাইল গেমিং। থাকছে আইটি বিষয়ের ওপর উপস্থিত বক্তৃতা। এ ছাড়াও থাকছে কম্পিউটারে গেমিং প্রতিযোগিতায় খেলা যাবে নিড ফর স্পিড, কল অব ডিউটি, ফিফা-১৭ গেম।

উৎসবের শেষ দিন শনিবার অনুষ্ঠিত হবে আইটি কুইজ প্রতিযোগিতার ফাইনাল। এদিনের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে মোবাইল ও পিসি গেমিং প্রতিযোগিতা। এ ছাড়া রয়েছে সেমিনার গ্রাফিকস অ্যান্ড প্রজেক্ট ডিজাইন।
সরকারের আইসিটি ডিভিশন অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতায় আইটি কার্নিভ্যালের মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে প্রথম আলো, ঢাকা টাইমস, ডেইলি স্টার, সমকাল, নিউএজ।