দ্বিতীয় উদ্যোক্তা হাটে আগ্রহীদের ভিড়

দ্বিতীয় দিনের উদ্যোক্তা হাট ছিল জমজমাট। বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) এবং ফেসবুক ভিত্তিক গ্রুপ ‘চাকরি খুঁজব না চাকরি দেব’র উদ্যোগে গত সোমবার এ হাট শুরু হয়। ঢাকার ধানমন্ডির ডব্লিউভিএ মিলনায়তনে অনুষ্ঠিত এ হাট শেষ হবে আগামীকাল বুধবার।
মেলায় আগ্রহী দর্শনার্থীদের ভিড় ছিল সকাল থেকেই। মেলায় কেউ এসেছিল উদ্যোক্তা হওয়ার নতুন আইডিয়া নিতে আবার কেউ এসেছিল পছন্দের পণ্যটি কিনতে।
আজ সকালে লালমাটিয়া থেকে মেলায় এসেছিলেন গৃহিণী সালমা খাতুন। তিনি জানিয়েছেন ‘নিজের কিছু করা আগ্রহ ছিল অনেক আগে থেকেই। কিন্তু উদ্যোক্তা হওয়ার মতো কোন বিষয় খুঁজে পাচ্ছিলাম না। আজকে মেলায় অনেক অনেক নতুন নতুন আইডিয়া পেলাম। আশা করি উদ্যোক্তা হাট আমাকে নতুন উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠা পেতে সাহায্য করবে।’
ধানমন্ডিতে অবস্থিত ইউল্যাবে পড়ুয়া আতিয়া সুলতানা ও অনিকা আক্তার। মেলায় প্রসঙ্গে তাঁরা বলেন, ‘১৪ ফেব্রুয়ারি ভ্যালেনটাইন ডে। ভালোবাসার মানুষটিকে নতুন কিছু উপহার এই দিনটিকে। সব থেকে আলাদা কিছু কেনার জন্যই উদ্যোক্তা হাটে আসা।’
উদ্যোক্তা হাটে অংশগ্রহণকারী প্রতিষ্ঠান ভিডি ভেঞ্চারের ইনভেস্টমেন্ট অ্যানালিস্ট রাইসুল রিজভী জানান, ‘উদ্যোক্তা হাট কেবল একটি মেলাই নয়, এটি বর্তমান ও ভবিষ্যত্ উদ্যোক্তাদের মিলনমেলাও বটে। এ উদ্যোগের পৃষ্ঠপোষক হিসেবে নিজেদের সম্পৃক্ত করতে পেরে আমরা আনন্দিত।’
মেলা উপলক্ষে বিভিন্ন প্রতিষ্ঠান বিশেষ অফার ঘোষণা করেছে। বিশেষ মূল্যছাড়ের পাশাপাশি রয়েছে আকর্ষণীয় অফার। প্রিয়শপ ডট কমের সিইও আশিকুল আলম খান জানান, এখন পর্যন্ত এই মেলায় আগত দর্শনার্থীদের সংখ্যা ক্রমাগত বাড়ছে। অনলাইনে কেনাকাটা করার দিকেই বেশি আগ্রহ সৃষ্টি হচ্ছে মেলায়। অনেকেই আমাদের স্টল থেকে অর্ডার করে যাচ্ছেন এবং আমরা সেটা হোম ডেলিভারি দিচ্ছি। ই-কমার্স প্রতিষ্ঠান প্রিয়শপ ডট কম মূলত ভ্যালেন্টাইনের ইউনিক কিছু গিফট সামগ্রী নিয়ে এসেছে মেলায়। এবারের প্রধান আকর্ষণ হলো ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত যারা প্রিয়শপ ডট কম থেকে কেনাকাটা করবেন তাদের মধ্য থেকে নির্বাচিতদের বুফে ডিনার করানো হবে। এছাড়া উদ্যোক্তা হাটে অনলাইন কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আপনজোন ডট কমের পণ্যসামগ্রীতে ৭০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হয়েছে।
এবারের উদ্যোক্তা হাটে সবমিলিয়ে ৪০ টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। উদ্যোক্তা হাটে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো হচ্ছে- প্রিয়শপ ডট কম, জেনন ইলেক্ট্রনিক্স, এওটি ফ্যাশন, হোস্টমাইট ডট কম, প্রাইম আইটি, সলুশন কিচেন, আইটু গিফটশপ, সাবাহুন ক্রাফট এন্ড ডিজাইন, ফরচুন আইটি, সফটকল, ফাইভ টু ফাইভ শপিং, পেট এক্সেসরিজ, এবিএইচ ওয়ার্ল্ড আইটি, হোপ ট্রেড, উইকেন্ড পে, সফটেক ইনোভেশন লি., আপনপস, নিডসজোন, আরএস সফটওয়্যার, আপনজোন, অ্যাডভান্সড অ্যাপস বাংলাদেশ লিঃ, ২৩ ডিগ্রী, ক্ষুদ্রসফট, দেশী স্বাদ, ফ্রেন্ডস ফুড, গদিঘর, এটি হজ্জ্ব সার্ভিসেস, সালদা, শাহীনস হেল্প লাইন, বিডি ভেঞ্চার লিমিটেড, পার্পল আইটি, আর্তব বিডি, আমারগ্যাজেট, মহুয়া, দিশাস রোড বক, সাইটনেইম বিডি, সওদাগর, জেড প্যাক, এক্সপার্ট ল্যাব বিডি, ভাইপার লেদার। বিডি ভেঞ্চার ও প্রিয়শপ ডট কম।
এবারের উদ্যোক্তা হাটের আয়োজন সহযোগী বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিস (বেসিস)। মেলার পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে আরএস সফটওয়্যার, আপনজোন, এ্যাডভান্সড এ্যাপস।