দ্য এগজাম ফ্যাক্টস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

* পরীক্ষার কদিন আগে থেকেই আপনি এ ব্যাপারে বেশ দৃঢ়প্রতিজ্ঞ হন যে সামনের পরীক্ষায় অবশ্যই আপনি আপনার জাত চিনিয়ে দেবেন। ক্ষণে ক্ষণে আপনার মনে জেদ চেপে উঠবে। এইবার, হুম্ এইবার দেখিয়ে দেবেন আপনি কী জিনিস!
* পরীক্ষার দিন যত ঘনিয়ে আসবে আপনার জেদের জোশও ব্যস্তানুপাতিকভাবে তত কমতে থাকবে। একসময় সেটা অসহায়ত্ব, হতাশা, আতঙ্কের বিভীষিকাময় অনুভূতিতে রূপ নেবে। পরীক্ষার ঠিক আগের রাতে আপনার বুক ব্যাপকভাবে দুরুদুরু করবে। হাত-পা ঠান্ডা হয়ে আসবে। মাথা ঝিমঝিম করবে।
* পরীক্ষার আগে যত দিনই বিরতি থাকুক না কেন, ঠিক এক দিন আগেই আপনার মনে হবে, ‘ইশ্ রে, আর একটা দিন যদি বেশি পাইতাম!’
* ‘চোরে না শোনে ধর্মের কাহিনি’—পরীক্ষার আগে রাত না জাগার জন্য যত হিতোপদেশই দেওয়া হোক না কেন, আপনি তার থোড়াই কেয়ার করেন! পরীক্ষার আগে আপনি অবশ্যই রাত জাগবেন এবং চোখ লাল লাল করে, আউলা মাথা নিয়ে পরীক্ষা দিতে যাবেন।
* পরীক্ষার প্রশ্নপত্র হাতে পেয়ে আপনার ‘ইহা আমি কী দেখিলাম’—টাইপের অনুভূতি হবে! আপনার মাথায় অবশ্যই মাঝারি থেকে তীব্র আকারের ‘ঠাডা’ পড়বে! বেছে বেছে যে প্রশ্ন বাদ দিয়েছেন, দেখবেন, সেই প্রশ্নগুলোই দৌড়ে দৌড়ে পরীক্ষায় আসবে! আর পড়ব পড়ব করেও যে প্রশ্নটা পড়া হয়নি, সেই প্রশ্নটা না এলে যেন পারেই না!
* আশপাশের কাউকে কিছু একটা জিজ্ঞেস করার জন্য যতবারই মাথা ওঠাবেন, দেখবেন, পরীক্ষক মহোদয় হলভর্তি সবাইকে রেখে ড্যাবড্যাব করে সোজা আপনার দিকেই চেয়ে আছেন!

* লক্ষ করে দেখবেন, আপনি যে প্রশ্নের উত্তর জানেন না, আপনার সামনে, পেছনে, ডানে, বাঁয়ের কোনো বান্দারই সেই প্রশ্নের উত্তর জানা নেই!
* স্যারদের লেকচার দেওয়ার সময় ঘড়ির কাঁটা যথেষ্ট আলস্য বজায় রেখে ঘুরলেও পরীক্ষার সময় সেটা বনবন করে ঘুরবে!
* আপনি শান্তিমতো পরীক্ষা দেবেন আর প্রকৃতি চুপচাপ বসে থাকবে, এমনটা কখনোই হবে না। পরীক্ষা শুরুর কিছুক্ষণ পরই টের পাবেন, প্রকৃতি আকুল হয়ে আপনাকে ডাকাডাকি করছে! সে এমন ডাক, সাড়া না দেওয়া পর্যন্ত আপনার রেহাই নেই!
* একটা প্রশ্নের উত্তর লেখার পর মনটা খুঁতখুঁত করল। কেটে দিয়ে আরেকটা লিখলেন। পরীক্ষা শেষে আপনি অতি অবশ্যই দেখবেন যে আপনার কেটে দেওয়া উত্তরটাই ঠিক ছিল। অতএব, মনে মনে মনের চৌদ্দগুষ্টি উদ্ধার করবেন আপনি!
* ‘এইটা কোনো কোশ্চেন হইল’, ‘কী সব আউলফাউল জিনিস দিয়া রাখছে’, ‘কোশ্চেন অনেক হার্ড হইছে’—পরীক্ষার পর আপনি অবশ্যই আপনার বন্ধুদের কাছ থেকে এই মন্তব্যগুলো শুনতে পাবেন!
* পরীক্ষার পর প্রশ্নপত্রে চোখ বুলিয়ে ‘ইশ্, বাকি প্রশ্নগুলা বাদ দিয়ে যদি খালি এগুলা পড়তাম’ এই বিচিত্র অনুভূতি আপনার হবেই।
* এবং বরাবরের মতোই আপনার পরীক্ষা সুবিধার হয়নি। কিছুক্ষণ মনটন খারাপ করে থাকার পর আপনি আবার আশায় বুক বাঁধবেন। সামনের পরীক্ষায় অবশ্যই...।