
আমাদের পাড়াটা খুব বড় নয়। ছোট পাড়াটিতেই আমরা একটা ফুটবল টিম দাঁড় করিয়ে ফেললাম। সদস্যসংখ্যা মোটে ১২ জনে দাঁড়াল শেষমেশ। এর মধ্যে একজন ক্লাবের কোচ কাম প্লেয়ার কাম ডোনার। মানে থ্রি ইন ওয়ান আর কি! এই রত্নের নাম মদন। আমরা সবাই মদনদা বলে ডাকি। বয়স আমাদের প্রায় কয়েক গুণ বেশি হওয়ায় প্রথমে তাঁকে নিতে রাজি হইনি। তবে আর্থিক বিষয়টা বিবেচনা করে সবাই চুপ করে গেলাম। মদনদার কাজ ছিল রাস্তাঘাটে অহেতুক উপদেশবাণী ঝাড়া আর ভজনের দোকানে বসে তেতো চা খাওয়া। ভাবটা এমন যেন, পারলে ফুটবলের ওপর অনায়াসে পিএইচডি করে ফেলেন। এই তো সেদিন আমাকে আর বিল্টুকে থামিয়ে বলতে লাগলেন, ‘বাঁ পা দিয়ে যারা খেলে, তারা আসলে জিনিয়াস। যেমন ধর তোর ম্যারাডোনা। আবার ধর মেসি। আর তা-ও যদি না চিনিস তাহলে ধর তোদের এই মদনদা।’ আমি আরেকটু হলে পড়েই যাচ্ছিলাম। পাশ থেকে বিল্টুটা আমাকে ধরে ফেলল তাই রক্ষা।
যাক, তার পরও মদনদার সঙ্গে আমরা নিয়মিত প্র্যাকটিস করতে লাগলাম। কাঁচা ছোলা আর ডিমের শ্রাদ্ধ করে তাঁর পেছন পেছন দৌড়াতে লাগলাম প্রতিদিন ভোরে। ইতিমধ্যে পাশের পাড়াগুলোর সঙ্গে আমরা কয়েকটি ম্যাচ খেলে ফেললাম। ফলাফল যথারীতি হার। এমন গোহারা হারতে লাগলাম যে প্রতি ম্যাচেই প্রায় হাফ ডজন গোল হজম করতে হচ্ছিল। অবস্থা এমন দাঁড়াল যে পাড়ার সবাই আমাদের হারু পার্টি বলে প্রকাশ্যে ডাকাডাকি করতে লাগল। সেদিন তো এক বড় আপা বলেই ফেললেন, ‘তোরা বরং আগে ফুটবল দিয়ে প্র্যাকটিস না করে কামারের কাছে যা। গিয়ে পা সোজা করে আয়। তারপর গোল দিস। আর সঙ্গে তোদের বুড়ো মদনদাকেও নিয়ে যা।’ কথাটা মদনদাকে বলামাত্রই একটা উপদেশবাণী ঝাড়লেন, ‘শোন, ব্যর্থতাই সাফল্যের চাবিকাঠি।’
অবশ্য আমরা ধরেই নিলাম—জয় বিষয়টা সত্যি সত্যিই আমাদের ভাগ্যে আর জুটবে না। অন্তত যত দিন মদনদা আমাদের থ্রি ইন ওয়ান। এই ধারাবাহিক ব্যর্থতার মধ্যেই মদনদা আবারও একটা অভাবনীয় কাজ করে ফেললেন। আমাদের পাশের পাড়ার অল ইয়ং ক্লাবের সঙ্গে ম্যাচ ঠিক করে এলেন। আমরা প্রথমে রাজি হচ্ছিলাম না। কারণ, এর আগের তিনবারই গোহারা হেরেছি ওদের কাছে। কিন্তু চোখের সামনে মদনদার ছোলা, কলা ইত্যাদি পুুুুুষ্টিকর খাবারের ছবি ভেসে ওঠায় সবাই রাজি হয়ে গেলাম। এ ছাড়া মদনদা নাকি এবার নতুন কৌশলে খেলবেন। আমরা হারু পার্টি আবারও নতুন উদ্যমে প্র্যাকটিস শুরু করলাম। যাকে বলে গেরিলা ট্রেনিং। সবশেষে আমরা নির্দিষ্ট দিনে উপস্থিত হলাম খেলার মাঠে। লক্ষ করলাম, বিপক্ষের খেলোয়াড়েরা আমাদের দেখে মুখ টিপে হাসছে। ঠিক আমাদের দিকে নয়, মদনদার দিকে তাকিয়ে। আমরাও ভালো করে তাকিয়ে দেখি মদনদা শুধু মোজা পরে এসেছেন। কারণ জানতে চাইলে জানালেন, এটাই নাকি তাঁর নতুন কৌশল। এর আগে মদনদা ওপরে খেললেও আজ ডিফেন্সে দাঁড়ালেন।
খেলা শুরু হলো। আমরা পাস দিয়ে খেলছি। হঠাৎ প্রতিপক্ষের এক খেলোয়াড় বল নিয়ে আমাদের গোলপোস্টের দিকে আসতে লাগল। মদনদা একা। জানপ্রাণ দিয়ে ঠেকানোর চেষ্টা করলেন। কিন্তু এমন বিশ্রীভাবে পড়ে গেলেন যে আমরা না হেসে পারলাম না। পরের গোল খেলাম আরও ভয়ংকরভাবে। খেলা আবার শুরু হলো। বল পেয়ে একবার পেছনে মদনদার কাছে ঠেলে দিলাম। দেখলাম বলটা যেন গোলকিপারের কাছে গছিয়ে দিতে পারলেই বাঁচেন। কিন্তু কী যে হলো, বল সোজা আমাদের জালের ভেতর! পাল্টা গোল দেওয়ার জন্য মরিয়া হয়ে গেলাম আমরা। সবাই একসঙ্গে বিপক্ষ দলের গোলমুখে চললাম। ভাবলাম, ডিফেন্সে মদনদা তো আছেনই। বল হঠাৎ বিপক্ষ দলের খেলোয়াড়ের পায়ে চলে গেল। আমাদের বুক ঢিপঢিপ করছে। পেছনে তাকিয়ে দেখি শুধু গোলকিপার দাঁড়িয়ে শূন্য দৃষ্টি মেলে। মদনদা কোথায়? কেউ একজন চিৎকার করে উঠল, ‘ওই, মদনদা দৌড়ায় কই যায়!’ তাকিয়ে দেখি, দূরে মদনদা প্রাণপণে দৌড়ে পালাচ্ছেন আর কেনে আঙুল তুলে বোঝাচ্ছেন, প্রকৃতির ডাকে সাড়া দিতে যাচ্ছেন তিনি!
অলোক আচার্য্য
বেড়া, পাবনা