দ্য নিউ ডাকযোগে পাওয়া
রস+আলো হাতে পাওয়ার পর প্রথমে সবগুলো পৃষ্ঠা উল্টে দেখি। মনটা খুব খারাপ হয়ে যায়। এত্তগুলো পৃষ্ঠা কেবল বিজ্ঞাপনে ভরা! তারপর প্রথম থেকে পড়তে শুরু করি। পড়া শেষ হয়ে গেলে আবার ভালো লাগে। ভালো লাগে কারণ, মনে মনে ভাবি—এতগুলো পৃষ্ঠা বিজ্ঞাপন না থাকলে তো এত দ্রুত পড়ে শেষ করতে পারতাম না! মোট কথা—একই বিষয় প্রথমে খারাপ লাগা এবং পরে ভালো লাগার কারণ হয়ে দাঁড়ায়। এটাই আমার সমস্যা।
খন্দকার শামীম উদ্দীন
ঝিকরগাছা, যশোর
আপনার সমস্যাটাকে মনোবিজ্ঞান ও রসায়নের ভাষায় বলা হয় ‘বিবাহ-পরবর্তী ভালোবাসা’! মাথায় হাত দেবেন না। রস+আলোর সঙ্গে এমন কোনো সম্পর্ক স্থাপন অসম্ভব। তার পরও ওই সমস্যাটির সঙ্গে আপনার সমস্যার দারুণ মিল খুঁজে পাওয়া যাচ্ছে। বিয়ের পরে স্ত্রী/স্বামী নাকি পুরোনো হয়ে যায়, আগের মতো ভালো লাগা কাজ করে না। তার পরও কিন্তু তাতেই সন্তুষ্ট থাকতে হয়। রস+আলোর ব্যাপারেও আপনার একই ঘটনা ঘটছে। তাই আপনাকে এ চলমান সমস্যা বুকে নিয়েই দিন পার করতে হবে, আপাতত এটাই সমাধান।
‘দ্য নিউ ডাকযোগে পাওয়া’র জায়গা এত কমে গেল কেন? এটাই আমার সমস্যা!
দ্বিবা
বানরগাতী, খুলনা
আপনার সমস্যা সমাধানের জন্য ‘দ্য নিউ ডাকযোগে পাওয়া’র জায়গা কিঞ্চিৎ বর্ধিত করা হলো।