
প্রিয় দর্শক, জন্ম নিলে যে মরতে হয় এই সত্য আমরা সবাই জানি। কিন্তু এই সত্যের সঙ্গে আরও একটা সত্য আমাদের জেনে নিতে হয় যে জন্মালে বাজেটও ফেস করতে হয়। প্রতিবছর আমাদের যেমন জন্মদিন আসে, ঠিক তেমনি বছর ঘুরে আসে বাজেটও। কিন্তু কী থাকে এই বাজেটে? এই বাজেট ঘিরে সাধারণ মানুষের কিসের এত আগ্রহ?
চার মিনিট পরে আসব না, তার আগেই আমরা চলে যাব রমিজুদ্দিনের কাছে। রমিজুদ্দিন চা বানান তাঁর একটা টং দোকানে। দোকান থেকে এত দিন তাঁর তেমন আয় আসত না। তবু রমিজের মুখে আজ টুথপেস্টমার্কা হাসি কেন? বাজেট কি তাঁকে হাসাতে পেরেছে? অনুসন্ধানে বেরিয়ে আসে সব।
রমিজুদ্দিন জেনেছেন আমদানি করা চায়ের দাম এবারের বাজেটে বাড়ানো হয়েছে। আর তাতেই তিনি খুশিতে আটখানা।
রমিজুদ্দিন: আগে এই দোকানে কেউ চা খাইতে আসত না। কিন্তু বিদেশি চায়ের দাম বাড়াইলে এখন দেশি চা খাইতে আসব সব। ইনকাম বাড়ব, তারপর একসময় ঝোপ বুইঝা কোপ মারব। এই দোকানের চায়ের দামও বাড়ায়ে দিমু!
দর্শক, মনে রাখবেন বাক্যটা—ঝোপ বুঝে কোপ! কিন্তু শুধু ঝোপ বুঝে কোপই নয়, এই বাজেটে তো কারও কারও সর্বনাশও হয়েছে। নাকি হয়নি?
ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়। মন খারাপ করে দাঁড়িয়ে আছে ১৯ বছর বয়সী শিহাব। বাজেট পেশ হওয়ার পর থেকেই তার শরীরে ঘাম হচ্ছে, ঢোলা প্যান্ট কোমর থেকে আরও নেমে যাচ্ছে। যেন সে ভীষণ বিচলিত। কিন্তু কেন এই বিচলন?
প্রশ্ন করতেই খেপে যায় সে। চোখ-মুখ পাকিয়ে ছুটে আসে আমাদের ক্যামেরা পারসনের দিকে। আমরা তাকে শান্ত করার চেষ্টা করলেও মনে হয় তার ভেতরে বাংলা সিনেমার নায়কের মতো অনেক জ্বালা।
শিহাব: আমি তো ভালো হতেই চাইছিলাম, কিন্তু ওরা আমাকে ভালো থাকতে দিল না। কী চাইছিলাম আমি? শুধু মোবাইল ফোনে একটু আরাম করে কথা বলতে চাইছিলাম! চাইছিলাম যেন রাফিয়ার সঙ্গে রাত-দিন ঘুটুরঘুটুর করে লাভ করতে পারি! রাফিয়ার সঙ্গে, শুধু রাফিয়ার সঙ্গে কথা বলার জন্য সব্বার আগে গোপনে আমি সিমটা বায়োমেট্রিক করায় নিয়ে আসছি! আর এখন শুনছি, মোবাইল ফোনে কথা বলার দাম বেড়ে যাবে! মোবাইল ফোনে কথা, রাফিয়াকে নিয়ে ঘুরতে যাওয়া...আমার তো বাজেট ফেল! সেমিস্টার ফি জমা দেব কীভাবে?
কিন্তু আমাদের সমাজে যে শুধু শিহাবের মতো তরুণেরাই আছেন তা কিন্তু নয়। আছেন মইদুল ভাইয়ের মতো বিজ্ঞ ও বিশেষজ্ঞরাও। তাঁদের কী অভিমত?
চার মিনিট পরে নয়, মইদুল ভাইকে আমরা এখনই প্রশ্ন করি। মইদুল ভাই সপাট উত্তর দেন।
মইদুল ভাই: দেখেন কুসুমকুমারী দেবী লিখেছিলেন, ‘আমাদের দেশে হবে সেই ছেলে কবে/ কথায় না বড় হয়ে কাজে বড় হবে!’
কবির ছেলে জীবনানন্দ দাশ তেমনই ছেলে হয়েছিলেন। কথা কম বলতেন, কাজ অর্থাৎ কবিতাটা ফাইন লিখতেন। কিন্তু এই জেনারেশন মানে প্রজন্ম তেমন হতে পারেনি। এদের শুধু কথা কথা কথা! পটপট করে কথা! কাজের বেলায় লবডঙ্কা! এই জেনারেশনটাকে বাচাল করে দিয়েছে ওই কথা বলার যন্ত্রটা। ওইটা যন্ত্র না, আসলে যন্ত্রণা! তাই মোবাইল ফোনে কথা বলার খরচ বাড়ানোর সিদ্ধান্তকে সাধুবাদ জানাই! এখন যদি জেনারেশনটা একটু কাজ করে!
ঠিক তখনই মইদুল ভাইয়ের মোবাইল ফোন বেজে ওঠে। আমরা হতভম্ব হয়ে যাই। দেখি, তিনি ঘণ্টার পর ঘণ্টা অতিউত্তর আধুনিক কবিতা ও নাতিদক্ষিণাধুনিক কবিতার পার্থক্য নিয়ে বক্তব্য দিতেই থাকেন।
তাহলে এখন কী বলবেন আপনারা? ছোটবেলায় একটা রচনা মুখস্থ করতে হতো আমাদের বিজ্ঞান: আশীর্বাদ নাকি অভিশাপ!
এবার বাজেট ঘোষণার পর কেউ কেউ এমনই প্রশ্ন তুলেছেন। অন্যদিকে মনে রাখতে হবে যে শুধু পণ্যের মূল্যবৃদ্ধিই নয়, প্রত্যেক বাজেটের মতো এই বাজেটেও রয়েছে কিছু পণ্যের দাম কমার সম্ভাবনা।
আজ চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না। আপনার অনুসন্ধানী মনের দরজা খুলে রাখুন...দেখবেন বিশাল বিরাট বাজেটও আপনার সামনে একেবারে জলবৎ তরলং হয়ে যাবে!