দ্য সানের পাঠকদের তথ্য চুরি হয়েছে!
ব্রিটেনের ট্যাবলয়েড পত্রিকা দ্য সান তার পাঠকদের একটি সতর্কবার্তা পাঠিয়েছে। ই-মেইলে পাঠানো ওই সতর্কবার্তায় বলা হয়েছে, কম্পিউটার হ্যাকাররা পাঠকদের অনলাইনে প্রকাশিত তথ্য চুরি করে থাকতে পারে। মিডিয়া-মোগল রুপার্ট মারডকের মালিকানাধীন দ্য সান-এর ওয়েবসাইটে গত মাসে সাইবার হামলার পর পত্রিকাটি পাঠকদের সম্প্রতি এ সতর্কবার্তা পাঠায়। হ্যাকিং গ্রুপ লুলজসেক ওই সাইবার হামলার দায়িত্ব স্বীকার করেছে। ওই হামলার পর দ্য সান-এর ওয়েবসাইট বন্ধ করে দেওয়া হয়। লুলজসেক চলতি বছরের গোড়ার দিকে বিশ্বের বেশ কয়েকটি বড় বড় ব্যবসাপ্রতিষ্ঠানের ও সরকারি কার্যালয়ের ওয়েবসাইটে হামলা চালায়। দ্য সান তার পাঠকদের সতর্ক করে দিয়ে বলেছে, অনলাইনে প্রকাশ করা তাদের নাম, ঠিকানা, জন্মতারিখ, ই-মেইল ঠিকানা ও ফোন নম্বর ইত্যাদি চুরি হয়ে যেতে পারে। দ্য সান-এর পক্ষে পাঠকদের ই-মেইল বার্তাটি পাঠান নিউজ ইন্টারন্যাশনালের ভোক্তা ব্যবস্থাপনা বিভাগের পরিচালক ক্রিস ডানকান। তিনি জানান, চুরি হয়ে যাওয়া তথ্য পুনরুদ্ধারে দ্য সান কর্তৃপক্ষ পুলিশ ও সরকারের তথ্য সুরক্ষা পর্যবেক্ষণকারী সংস্থার সঙ্গে কাজ করছে। —এএফপি অবলম্বনে রোকেয়া রহমান