দ্রুত ডেটা পাঠানোর নতুন রেকর্ড
গবেষকেরা সম্প্রতি একটি মাত্র লেজার ব্যবহার করে সর্বোচ্চ মাত্রায় ডেটা স্থানান্তরের রেকর্ড করেছেন। এ পদ্ধতিতে তথ্য বা ডেটা স্থানান্তরের গতি সেকেন্ডে ২৬ টেরাবিট। সমপরিমাণ গতিতে যুক্তরাষ্ট্রের গোটা লাইব্রেরি অব কংগ্রেসের সব ডেটা স্থানান্তর করতে সময় লাগবে মাত্র ১০ সেকেন্ড। ডেটা স্থানান্তরের নতুন এ পদ্ধতিটি ‘ফাস্ট ফোরিয়ার ট্রান্সফর্ম’ নামে পরিচিত। এ পদ্ধতিতে একটি লেজার বিমে ৩০০টি পৃথক রঙের আলোকরশ্মির বিচ্ছুরণ ঘটানো হয়। প্রতিটি আলোকরশ্মিই সংকেতাবদ্ধ পৃথক পৃথক ডেটা বহন করে। বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সাময়িকী নেচার ফটোনিকস-এ এ পদ্ধতির কথা উল্লেখ করা হয়েছে।উচ্চমাত্রায় ডেটা স্থানান্তরের এ ঘটনাকে টেলিযোগাযোগ প্রযুক্তিতে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। অপটিক্যাল ফাইবার উদ্ভাবনের প্রথম দিকে ‘উইগলস’ নামে একটি কৌশল ব্যবহার করা হতো। এ কৌশলে একটি ফাইবারের মধ্যদিয়ে শুধু এক রঙের একটি আলোকরশ্মি সংকেতাবদ্ধ ডেটা বহন করত। কিন্তু নতুন পদ্ধতিতে ডেটা স্থানান্তরের মাত্রা বাড়ানোর জন্য একাধিক কৌশল ব্যবহার করা হয়েছে। এর মধ্যে একটি কৌশল হচ্ছে ‘অর্থোগোনাল ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং’। এ কৌশলে বিভিন্ন ডেটাকে বিভিন্ন রঙের আলোকরশ্মিতে সংকেতাবদ্ধ করে কয়েকটি লেজারের মাধ্যমে ফাইবারের মধ্য দিয়ে একসঙ্গে প্রেরণ করা হয়। —বিবিসি অবলম্বনে আবুলহোসেন