ঢাকার কারওয়ান বাজারে জনতা টাওয়ারে শিগগিরই বাংলাদেশ সফটওয়্যার পার্ক চালু করা হবে। এ জন্য আদালতের দেওয়া স্থগিতাদেশ ও অন্যান্য বিষয় পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। গতকাল মঙ্গলবার জনতা টাওয়ার ভবন পরিদর্শনকালে এ কথা বলেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহেমদ।
জুনাইদ আহেমদ প্রথম আলোকে জানান, ‘মহামান্য আদালতের যে নির্দেশ আছে, সেটি আবার দেখা হবে। এ ছাড়া এর সামগ্রিক ব্যবস্থাপনার কাজ যে প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে, সে প্রতিষ্ঠান চুক্তির শর্ত ভঙ্গ করেছে এবং কাজ বিলম্বিত করেছে।’
পরিদর্শনের সময় প্রতিমন্ত্রী এই ভবনের দোতলায় তথ্যপ্রযুক্তি সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরামের (বিআইজেএফ) কার্যালয় বুঝে নিতে বলেন সংগঠনটির সভাপতি মুহম্মদ খানকে।
এ সময়প্রতিমন্ত্রীর সঙ্গে ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সভাপতি শামীম আহসান। তিনি বলেন, ‘অনেক দিন ধরেই সফটওয়্যার পার্ক চালুর প্রক্রিয়াটি স্থগিত হয়ে আছে। আশা করছি, এবার দ্রুত পার্কটি চালু হবে।’
সরেজমিন ঘুরে দেখা যায়, জনতা টাওয়ার ভবনে প্রস্তাবিত সফটওয়্যার পার্কের দায়িত্বে থাকা বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের একটা কার্যালয় পরিত্যক্ত রয়েছে। এই কার্যালয়ে ভিডিও সম্মেলন করার ৫০ লাখ টাকার যন্ত্রপাতি পড়ে আছে। এ ব্যাপারে প্রতিমন্ত্রী ক্ষোভ প্রকাশ করেন। ভবনটির বেজমেন্টে থাকা কারওয়ান বাজারের মালামালের গুদাম উচ্ছেদের নির্দেশও দেন তিনি। বর্তমানে ১২ তলাবিশিষ্ট এ ভবনের ছয়তলায় মিলেনিয়াম সলিউশন লিমিটেড, সাততলায় স্কয়ার ইনফরমেটিকস এবং ১১ তলায় ই-সফটওয়্যার নামের তিনটি প্রতিষ্ঠানের কার্যালয় রয়েছে।
প্রসঙ্গত, ২০১০ সালের ৩ আগস্ট প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত ডিজিটাল বাংলাদেশ টাস্কফোর্সের সভায় জনতা টাওয়ার ভবনে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের অধীনে সফটওয়্যার পার্ক চালু করার সিদ্ধান্ত হয়। পার্ক বাস্তবায়নের কাজ দেওয়া হয় টেকনোপার্ক নামে একটি বেসরকারি সংস্থাকে। তবে যথাযথভাবে ও নির্ধারিত সময়ে কাজ সম্পন্ন না করায় ২০১৩ সালে টেকনোপার্কের সঙ্গে চুক্তি বাতিল করে হাইটেক পার্ক কর্তৃপক্ষ। এর বিরুদ্ধে টেকনোপার্কের করা মামলার পরিপ্রেক্ষিতে ২০১৩ সালের ২৭ মার্চ আদালত জনতা টাওয়ারে সফটওয়্যার পার্ক চালুর প্রক্রিয়ায় স্থগিতাদেশ দেন। —রাহিতুল ইসলাম