দ্রুতগতির ইন্টারনেট এক্সপ্লোরার ১১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়েবসাইট দেখার সফটওয়্যার (ব্রাউজার) ইন্টারনেট এক্সপ্লোরারের সর্বশেষ সংস্করণ ১১ হলো মাইক্রোসফটের অপারেটিং সিস্টেম উইন্ডোজ ৮.১ সংস্করণের নিজস্ব ওয়েব ব্রাউজার। নতুন অপারেটিং সিস্টেম বাজারে ছাড়ার পর উইন্ডোজ ৭ ব্যবহারকারীদের জন্যও এক্সপ্লোরার ১১ অবমুক্ত করেছে প্রতিষ্ঠানটি। বাড়তি গতি, নিরাপত্তা, প্রাইভেসি হালনাগাদসহ নতুন এ ব্রাউজারটি এখন আরও উন্নত।

এটি প্রচলিত অন্য যেকোনো ব্রাউজার থেকে প্রায় ৩০ শতাংশ বেশি গতিসম্পন্ন। জাভাস্ক্রিপ্টে কাজ করার জন্য আগের ব্রাউজারের তুলনায় ৯ শতাংশ বেশি গতিসম্পন্ন। একই সঙ্গে মাইক্রোসফট ডেভেলপারদের জন্য F12 টুলসটিতেও আনা হয়েছে সংস্কার। ওয়েব অ্যাপলিকেশনে দ্রুত কাজ করাসহ এইচটিএমএল ৫-এর নতুন সব বৈশিষ্ট্যই এটি সমর্থন করবে।

নতুন এ ইন্টারনেট এক্সপ্লোরারের নিরাপত্তা সুবিধাগুলোও উন্মোচন করেছে মাইক্রোসফট। এনএসএস ল্যাবের গবেষণা অনুযায়ী, ইন্টারনেট এক্সপ্লোরার সামাজিক ওয়েবসাইটের মাধ্যমে আসা ক্ষতিকর ম্যালওয়্যার প্রায় ৯৯ শতাংশ এবং ফিশিং আক্রমণ ৯২ শতাংশ আটকাতে সক্ষম। ব্রাউজারটি নামাতে http://goo.gl/wLTkhx ওয়েব ঠিকানায় যেতে হবে। এখানে ইংরেজি ভাষার সারি হতে একটু ডানের মেনু থেকে নিজের সিস্টেমের ধরন (৩২ বা ৬৪ বিট) নির্বাচন করে ডাউনলোড বাটনে ক্লিক করতে হবে, ফাইলের আকার ২৯ মেগাবাইট। ফাইলটি নামানোর পর ইন্টারনেট সংযোগ থাকা অবস্থায় প্রোগ্রামটি ইনস্টল করতে হবে। প্রয়োজনীয় কোনো হালনাগাদের দরকার হলে নিজে নিজেই সেটি ডাউনলোড করে নেবে। ইনস্টলেশন শেষ হলে কম্পিউটার আবার চালু (রিস্টার্ট) করতে হবে। —নিজস্ব প্রতিবেদক