দ্রুতগতির ইন্টারনেট চান ঢাবির শিক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের জন্য প্রতিটি হল ও ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় তারহীন ওয়াই-ফাই নেটওয়ার্কনির্ভর দ্রুতগতির ইন্টারনেট সংযোগ নিশ্চিত করার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটি (ডিইউআইটিএস) আয়োজিত এক গোলটেবিল বৈঠকে এ দাবি জানানো হয়।
‘ক্যাম্পাস ওয়াই-ফাই: সংকট ও সম্ভাবনা’ শীর্ষক এ বৈঠকের শুরুতে ডিইউআইটিএসের সদস্য বায়েজিদ খান ঢাবির ১৭টি হলের এক হাজার শিক্ষার্থীর ওপর ওয়াই-ফাই ব্যবহারসংক্রান্ত একটি জরিপ প্রতিবেদন উপস্থাপন করেন। এতে বলা হয়, ওয়াই-ফাই নিয়ে বর্তমানে ৬৩ শতাংশ শিক্ষার্থী অতিমাত্রায় অসন্তুষ্ট, ২৬ শতাংশ অসন্তুষ্ট ও ৮ শতাংশ শিক্ষার্থী সন্তোষ প্রকাশ করেছেন। ৩ শতাংশ শিক্ষার্থী কোনো মন্তব্য করেননি। প্রতিবেদনে আরও বলা হয়, ঢাবির ৮৮ শতাংশ শিক্ষার্থী দ্রুতগতির ওয়াই-ফাই ইন্টারনেট সংযোগ পেতে চান। বৈঠকে প্রতিটি হল থেকে একজন করে প্রতিনিধি তাঁদের সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন।
বৈঠকে বক্তৃতা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য সহিদ আকতার হুসাইন, টেলিভিশন ও চলচ্চিত্র অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান আ জ ম শফিউল আলম, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের মহাপরিচালক জাকির হোসেন, অফিস এক্সট্র্যাক্টের প্রধান নির্বাহী কর্মকর্তা প্রবীর সরকার, প্রথম আলোর যুব কর্মসূচি সমন্বয়ক মুনির হাসানসহ অনেকে। বিভিন্ন হলের প্রভোস্টরাও এতে নিজেদের বক্তব্য তুলে ধরেন।
বক্তারা বলেন, বিভিন্ন হলে ওয়াই-ফাই সুবিধা থাকলেও তা প্রয়োজনের তুলনায় কম। ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) ওয়াই-ফাই সুবিধাও এখন বন্ধ। শিক্ষার্থীদের ওয়াই-ফাই ইন্টারনেট সংযোগের নিয়ন্ত্রিত ও কার্যকর ব্যবহার নিশ্চিত করার পরামর্শও দেন বক্তারা।
বৈঠকটি সঞ্চালনা করেন ডিইউআইটিএসের সভাপতি আবদুল্লাহ আল ইমরান।