দ্রুতগতির চার্জার আনল এইচটিসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এইচটিসি র‌্যাপিড চার্জার ২.০
এইচটিসি র‌্যাপিড চার্জার ২.০

মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠান এইচটিসি সম্প্রতি র‌্যাপিড চার্জার ২.০ নামে একটি চার্জার উন্মুক্ত করেছে, যা চার্জ দেওয়ার সময়কে তুলনামূলকভাবে ৪০ শতাংশ কমিয়ে আনতে সক্ষম হবে। এক খবরে এ তথ্য জানিয়েছে ব্যবসা ও প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট বিজনেস ইনসাইডার।
এইচটিসি জানিয়েছে, তাদের নতুন চার্জারে ব্যবহৃত হয়েছে কোয়ালকমের তৈরি নতুন কুইক চার্জ ২.০ প্রযুক্তি, যা সব ধরনের স্মার্টফোন ও ট্যাবলেট সমর্থন করে।
বাজার বিশ্লেষকেরা বলছেন, অধিকাংশ মানুষই রাতের বেলা মোবাইল ফোন চার্জ দেন বলে চার্জ পূর্ণ হতে কতক্ষণ সময় লাগে, সেটি খেয়াল করেন না। কিন্তু দিনের বেলায় যাঁরা দীর্ঘসময় তাঁর স্মার্টফোনটি ব্যবহার করেন এবং সে সময় দ্রুত চার্জ ফুরিয়ে গেলে বিপদে পড়েন। অনেক সময় মোবাইল সেটে চার্জ পূর্ণ করার জন্য বসে বসে বিরক্ত হতে হয়।
এইচটিসির দাবি, র‌্যাপিড চার্জার ২.০ ব্যবহার করে ইউএসবি অ্যাডাপ্টরের তুলনায় নির্দিষ্ট কিছু পণ্যে ৪০ শতাংশ দ্রুত চার্জ দেওয়া সম্ভব হবে। এইচটিসি ওয়ান এম৮, ওয়ান এম৮ হারমন কার্ডন এডিশন, ওয়ান ই৮, ওয়ান রিমিক্স, ডিজায়ার আই স্মার্টফোনে এই সুবিধা পাওয়া যাবে।
এইচটিসি জানিয়েছে, তাদের তৈরি নতুন এই চার্জার ব্যবহার করে এইচটিসির অন্য হান্ডসেটগুলোতেও দ্রুত চার্জ দেওয়া যাবে। স্মার্টফোন ও ট্যাবের মতো যেসব পণ্যে মাইক্রো ইউএসবি কেবল সমর্থন করে, তাতেও র‌্যাপিড চার্জার ২.০ সমর্থন করবে।
এখন পর্যন্ত এই চার্জারের দাম কত হবে বা কবে নাগাদ বাজারে আসবে, তা বিস্তারিত জানায়নি এইচটিসি। তবে বাজার বিশ্লেষকেরা ধারণা করছেন, শিগগিরই এই চার্জার বাজারে আনবে এইচটিসি।

বর্তমানে বাজারে দ্রুতগতিতে চার্জ দেওয়ার জন্য রয়েছে মটোরোলা টার্বো চার্জার। ১৫ মিনিটে এই চার্জারটি নির্দিষ্ট কয়েকটি স্মার্টফোনে চার্জ পূর্ণ করতে পারে।