দ্রুততম ফোরজি নেটওয়ার্ক চালু হল দক্ষিণ কোরিয়ায়
দ্রুততম থ্রিজি নেটওয়ার্কের চেয়ে ১০ গুণ দ্রুতগতির ফোরজি নেটওয়ার্ক চালু হচ্ছে দক্ষিণ কোরিয়ার। এ নেটওয়ার্ক ব্যবস্থার নাম এলটিই-অ্যাডভান্সড বা এলটিই-এ। এক খবরে এ তথ্য জানিয়েছে বিবিসি অনলাইন।দক্ষিণ কোরিয়ার মোবাইল নেটওয়ার্ক সেবাদাতা এসকে টেলিকম এলটিই-এ নেটওয়ার্ক চালু করেছে। প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানিয়েছেন, এ নেটওয়ার্ক ব্যবস্থায় গ্রাহকরা দ্রুতগতিতে তথ্য স্থানান্তরের সুবিধা পাবেন। এটি ফোরজি নেটওয়ার্কের দ্রুততম সংস্করণ। এ নেটওয়ার্ক ব্যবস্থায় প্রতি সেকেন্ডে ১৫০ মেগাবিট পর্যন্ত তথ্য ডাউনলোড করা যাবে। উন্নত রেজুলেশনের গ্রুপ ভিডিও চ্যাট করার সুবিধাও পাবেন গ্রাহকরা।এসকে টেলিকম কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে ইউরোপ ও যুক্তরাজ্যে চালু হওয়া ফোরজি নেটওয়ার্কে সেকেন্ডে ৭৫ মেগাবিট ডাটা ডাউনলোড করা যায়। তবে এলটিই-এ নেটওয়ার্কে এর দ্বিগুণ গতিতে ডাউনলোড করা সম্ভব হবে। তবে এ গতিতে ডাউনলোড করার সুবিধাযুক্ত স্মার্ট ডিভাইস বাজারে অপ্রতুল বলেই জানিয়েছে এসকে কর্তৃপক্ষ।সম্প্রতি দক্ষিণ কোরিয়ার ইলেকট্রনিক পণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং তাদের জনপ্রিয় গ্যালাক্সি সিরিজে ‘এস ৪’ স্মার্টফোনের একটি নতুন সংস্করণ এনেছে যা দ্রুতগতির এলটিই-এ নেটওয়ার্ক সমর্থন করে।