ধনকুবেরের মুকুট কাড়লেন মা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লি কা-শিং ও জ্যাক মা। ছবি: রয়টার্স
লি কা-শিং ও জ্যাক মা। ছবি: রয়টার্স

একজনের পরিচয় দিতে বলা হয় উদ্যোক্তা ও মানবহিতৈষী আর একজনের সুপারম্যান। একসময় একজন ছিলেন ইংরেজির শিক্ষক আর একজন ছিলেন প্লাস্টিকের ফুলের ব্যবসায়ী। এখন দুজনই এশিয়ার শীর্ষ ধনী।
চীনের বৃহত্তম ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবা গ্রুপের প্রতিষ্ঠাতা ৫০ বছর বয়সী জ্যাক মা এখন এশিয়ার শীর্ষ ধনী। তিনি পেছনে ফেলেছেন ৮৬ বছর বয়সী হংকংয়ের ব্যবসায়ী ধনকুবের লি কা-শিংকে। এক খবরে এসব তথ্য জানিয়েছে ব্লুমবার্গ।
২০১২ সালের ৫ মে থেকে এশিয়ার মধ্যে শীর্ষ ধনীর আসন দখল করে রেখেছিলেন হংকংয়ের ভূ-সম্পত্তি ব্যবসায়ী লি কা-শিং। সম্প্রতি ব্লুমবার্গের বিলিয়নেয়ারার্স সূচকে আর্থিক সম্পদের হিসাবে লি কা-শিংকে ছাড়িয়ে গেছেন চীনের উদ্যোক্তা জ্যাক মা।
লি কা-শিংয়ের এক মুখপাত্রের মাধ্যমে হংকংয়ে জ্যাক মাকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেছেন, যখন চীনের কম বয়সী কোনো ব্যক্তি ভালো কিছু করে আমার খুবই খুশি লাগে।অবশ্য জ্যাক মার অর্থসম্পদের পরিমাণ নিয়ে আলিবাবার মুখপাত্র কোনো মন্তব্য করতে রাজি হননি।
১৯৯৯ সালে নিজের ফ্ল্যাটে বসে ছোট একটি প্রতিষ্ঠান শুরু করেছিলেন মা। আর শুধু এ বছরেই তাঁর প্রতিষ্ঠান থেকে আয় করেছেন ২৫ বিলিয়ন মার্কিন ডলার। ব্লুমবার্গের তালিকা অনুযায়ী, বর্তমানে জ্যাক মার সম্পদের পরিমাণ ২৮.৬ বিলিয়ন মার্কিন ডলার আর লির মোট সম্পদের মূল্য ২৮.৩ বিলিয়ন মার্কিন ডলার।
চীনের বাজার গবেষণাপ্রতিষ্ঠান যুয়ান্তা রিসার্চের গবেষক ফ্রান্সিস ইং জানিয়েছেন, চীনের কোটিপতিদের সম্পদ দ্রুত বাড়ছে কারণ চীনের অর্থনীতি এখনো উন্নয়নশীল পর্যায়ে রয়েছে আর হংকংয়ের বাজার ইতিমধ্যে উন্নত বাজারের রূপ নিয়েছে।

জ্যাক মা
জ্যাক মা

আলিবাবার ২৫৯ বিলিয়ন মার্কিন ডলারের মূলধনের কারণে এটি এখন আমাজন ডটকম ও ইবের মতো দুটি প্রতিষ্ঠানের চেয়েও বড় হয়ে দাঁড়িয়েছে। জ্যাক মার বেশির ভাগ সম্পদ এসেছে আলিবাবাতে থাকা তাঁর শেয়ার থেকে। আলিবাবায় তাঁর ৬ দশমিক ৩ শতাংশ শেয়ারের কারণে তিনি ১৬ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলারের মালিক হয়েছেন। এ ছাড়াও তিনি পেপ্যালের মতো অর্থ লেনদেনের সেবা আলিপেরও​ মালিক। এ ছাড়াও ফ্রিন্যান্স বিভাগটিও দেখাশোনার নিয়ন্ত্রণ তাঁর হাতেই রয়েছে।
শেয়ার বিক্রি
আলিবাবা এ বছরের সেপ্টেম্বর মাসে প্রতি শেয়ারের দর ৬৮ মার্কিন ডলার করে আইপিও ছাড়ে এবং ২৫ বিলিয়ন ডলার তুলে নেয়। বাজার ব্যবস্থাপনা প্রতিষ্ঠান আরএস ইনভেস্টমেন্টের ব্যবস্থাপক টনি চাউ বলেন, চীনের ইন্টারনেট ক্ষেত্রের প্রবৃদ্ধি দেখলেই বোঝা যাবে এটি খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আ​িলবাবা এমন একটি বৈশ্বিক প্রতিষ্ঠান হয়ে দাঁড়িয়েছে যাকে অবহেলা করা যায় না।

অন্যদিকে, প্রপার্টি ডেভেলপার চেং কং হোল্ডিংসের নিয়ন্ত্রক হংকংয়ের লির সম্পদ ১ দশমিক ৯ বিলিয়ন ডলার কমে গেছে। রিয়েল এস্টেটের শেয়ারের দাম বাড়লেও অন্যান্য প্রতিষ্ঠানের শেয়ারের দাম কিছুটা কমেছে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্লাস্টিকের ফুলের কারখানা গড়ে ব্যবসা শুরু করেছিলেন লি। ১৯৬৭ সাল থেকে হংকংয়ের প্রপার্টি খাতে বিনিয়োগ শুরু করেন তিনি। পরে বন্দর ও টেলিকমিউনিকেশনেও বিনিয়োগ বাড়ান তিনি।
প্রচুর বিনিয়োগের সুবাদে স্থানীয় গণমাধ্যমে লিকে সুপারম্যান বলা হয়। ২০০৭ সালে তিনি পূর্বাভাস দিয়েছিলেন যে চীনের স্টক-মার্কেট ফুলে-ফেঁপে উঠবে এবং ২০০৯ সালে পূর্বাভাস দিয়েছিলেন হংকংয়ের প্রপার্টি ব্যবসাও বেড়ে যাবে।

ধনী হওয়া কষ্টের
চীনের সবচেয়ে ধনী ব্যক্তি হিসেবে তালিকায় উঠে আসার পর এ বছরের নভেম্বরে জ্যাক মা বলেছিলেন ধনী হওয়া যন্ত্রণার।
জ্যাক মা আরও বলেছিলেন, আমি কখনো ধনী হওয়ার কথা ভাবিনি, আমি ধনী হতে চাইও না। বড়লোক হওয়া মানেই সব সুখ পাওয়া নয়।’
কীভাবে এত অর্থ সম্পদ আয় করলেন আর কীভাবে সম্ভব হলো তা? জ্যাক মা এ প্রসঙ্গে বলেন, আমি সব সময় চিন্তার ক্ষেত্রে এক দশক এগিয়ে থাকতে চাই।
জ্যাক মা বলেন, হয়তো আমি ভবিষ্যৎ​ নিয়ে অনেক ভাবি এবং অনেক বিষয় নিয়েই দুশ্চিন্তায় থাকতে হয়। বিশাল অর্থ থাকার খারাপ দিক সম্পর্কে জ্যাক মা বলেন, মানুষ বলে, জ্যাক বড়লোক হয়েছে, বেশ ভালো। আসলে আমার মনে হয়, বড়লোক হওয়া ভালো কিন্তু চীনের সবচেয়ে বড়লোক হওয়া নিশ্চয় নয়। এটা বিশাল যন্ত্রণার কারণ, বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি বনে যাওয়া মানে আমার চারপাশে যারা আসবে সবাই টাকার জন্য ঘুরঘুর করবে।