ধন্যবাদ, স্টিভ জবস!

তথ্যপ্রযুক্তি এত দ্রুত এগিয়ে যাচ্ছে যে পাঁচ বছর যেন এক শতাব্দীর মতো। তবে গত পাঁচ বছরেও সহপ্রতিষ্ঠাতা স্টিভ জবসের শূন্যস্থান পূরণ করতে পারেনি অ্যাপল। হয়তো গোটা এক শতাব্দীতেও তা সম্ভব হবে না।
অগ্ন্যাশয়ের ক্যানসারের সঙ্গে দীর্ঘদিন লড়েছিলেন স্টিভ। হার মেনে ২০১১ সালের ৫ অক্টোবর ৫৬ বছর বয়সে মারা যান। আজও শ্রদ্ধাভরে সবাই তাঁকে স্মরণ করেন, আজও তাঁর অভাব অনুভব করেন। পঞ্চম মৃত্যুবার্ষিকীতে অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুক যেমন টুইটারে লিখেছেন, ‘স্মরণ করছি স্টিভকে...এবং যেভাবে তিনি গোটা পৃথিবী বদলে দিয়েছেন।’
অ্যাপলের পালাবদল
স্টিভ জবসের পদাঙ্ক অনুসরণ করেই চলছেন টিম কুক। তাঁর কাছেই অ্যাপলের সাফল্যের দীক্ষা নিয়েছেন, এখনো তাঁকেই অনুপ্রেরণা মানেন। স্টিভ জবসের কাছ থেকে প্রধান নির্বাহীর দায়িত্ব নেওয়ার পরপরই অ্যাপল কর্মীদের আশ্বস্ত করে টিম কুক লিখেছিলেন, অ্যাপল বদলাবে না।
বাইরে থেকে দেখলে, অ্যাপল সত্যিই বদলায়নি। পণ্যের নকশায় এখনো সেই একই ধরনের চেষ্টা। তবু নতুন পণ্য বাজারে এলে এখনো গ্রাহকেরা হুমড়ি খেয়ে পড়েন। অ্যাপল এখনো সবচেয়ে মূল্যবান প্রতিষ্ঠান। তবে পর্দার ওপারে, অ্যাপলের কর্মপরিবেশ আমূল পালটে গেছে। কিছুটা ভালো হয়তো আছে, খারাপের দিকেও কম নয়। অ্যাপল এখন সামাজিক দায়বদ্ধ প্রতিষ্ঠান। দাতব্যকাজে প্রচেষ্টা বেশ ভালো। কিন্তু অ্যাপলের মূল কাজ, অর্থাৎ, পণ্যে নতুনত্ব নেই। যাঁদের টিম কুক বলেছিলেন, অ্যাপল বদলাবে না, সেই কর্মীরাই বিভিন্ন সাক্ষাৎকারে বলেছেন, অ্যাপল বদলে গেছে, আগের মতো উদ্ভাবন আর নেই।
নিখুঁত চোখে দেখার চেষ্টা করেছেন
ক্লেমেন্ট মক নামের এক ডিজাইনারকে নিয়োগ দিয়েছিলেন স্টিভ জবস। সেই ১৯৮২ সালে। উদ্দেশ্য ছিল, ম্যাক কম্পিউটার বাজারে ছাড়ার জন্য বিপণনে প্রয়োজনীয় নকশার দায়িত্ব পালন করা। যা হোক, তাঁর আরেকটি কাজ ছিল জবসের ভিজিটিং কার্ডের নকশায় পরিবর্তন আনা। ক্লেমেন্ট সে কথা স্মরণ করে বলেন, ‘আমি ভেবেছিলাম স্টিভের অফিসে গিয়ে বলব, প্রিন্টের জন্য পাঠানোর আগে আপনি কি একটু দেখবেন? জবস কার্ডটি হাতে নিয়ে বেশ খুঁটিয়ে দেখলেন। তারপর কয়েক জায়গায় দেখিয়ে বললেন, “আপনার কি মনে হচ্ছে না অক্ষরের মধ্যে ফাঁকা জায়গাটা এখানে বেশ কম আর এখানে বেশি হয়ে গেছে? ” খুব অবাক হয়েছিলাম। খুবই সামান্য ব্যাপার। চোখে পড়ার মতো না। সেদিন বুঝেছিলাম তাঁর চোখ কত নিখুঁত। সেদিন থেকে আমার কাছে স্টিভের জন্য সম্মান অনেক বেড়ে গিয়েছিল।’
আমাদের টমাস আলভা এডিসন
অ্যাপলের মূল কার্যালয়ে স্টিভ জবসের কক্ষ এখনো অপরিবর্তিত রাখা হয়েছে। কর্মীরা এখনো তাঁকে শ্রদ্ধাভরে স্মরণ করেন। সিলিকন ভ্যালির সর্বকালের সেরাদের একজন হিসেবে বলা হয় তাঁকে। সে সিলিকন ভ্যালিতেই পঞ্চম মৃত্যুবার্ষিকীতে জবসের ভক্ত, অ্যাপল-কর্মী, অ্যাপল পণ্যের ব্যবহারকারী, সাংবাদিক এবং সিলিকন ভ্যালির অন্যান্য নেতারা একত্র হয়েছিলেন তাঁকে শ্রদ্ধা জানাতে।
অ্যাপলের ওয়েবসাইটে একটা আলাদা পাতা খোলা হয়েছে, সারা পৃথিবী থেকে স্টিভ বসকে নিয়ে লেখা বার্তাগুলো একের পর এক দেখানো হচ্ছে সেখানে। ওয়েব পাতাটি দেখা যাবে (www.apple.com/stevejobs) ঠিকানায়। চাইলে rememberingsteve@apple. com ঠিকানায় নিজের ভাবনাও পাঠানো যাবে।
এখন পর্যন্ত ১০ লাখেরও বেশি মানুষ তাঁকে স্মরণ করে তাদের চিন্তাভাবনা লিখেছেন। সবার মধ্যে একটা বিষয়ে মিল আছে—জবসের সৃজনশীলতা আর প্যাশন সবার হৃদয় ছুঁয়েছে। এক ভক্ত সেখানে লিখেছেন, ‘মানুষ আপনার সম্পর্কে বলে আপনি আমাদের সময়ের থমাস আলভা এডিসন। এভাবে বলার চেয়ে বরং বলা উচিত, থমাস এডিসন ছিলেন সে সময়ের স্টিভ জবস।’
আরেকজন স্টিভ জবস পেতে হলে...
সফল নেতা কিংবা উদ্যোক্তার সমার্থক স্টিভ জবস। অন্তত যাঁরা স্রোতের বিপরীতে চলার চেষ্টা করেন। মার্কিন সাংবাদিক ভ্যাসালো আরেকজন জবস তৈরি করতে হলে কী করতে হবে তা জানিয়েছেন। চারটি গুণের কথা বলেছেন তিনি। প্রথমত, প্রচণ্ড রকমের উচ্চাকাঙ্ক্ষী হতে হবে। দ্বিতীয়ত, মুদ্রার দুই পিঠ দেখতে হবে—সেটা বড় হোক কিংবা ছোট। তৃতীয়ত, মানুষকে বোঝানোর, চমৎকারভাবে উপস্থাপনের ক্ষমতা থাকতে হবে। এবং চতুর্থত, শুধু নিজে না, অন্যান্য মেধাবীদের বিশ্বাস করাতে হবে নিজের লক্ষ্যটাই সেরা।
তথ্যপ্রযুক্তিতে মার্ক জাকারবার্গ, জেফ বেজোস কিংবা এলোন মাস্কের মতো নেতারা আছেন। কিন্তু তাঁরা তো প্রতিষ্ঠানের নেতা, গোটা শিল্পের নেতা কই? সবচেয়ে বড় কথা, পাঁচ বছর পরও আমরা স্টিভ জবসের জন্য শোক প্রকাশ করছি। আমরা এখনো তাঁর মতো দূরদর্শী নেতার অপেক্ষায় আছি। স্টিভ জবস এমনই এক নেতা ছিলেন, যিনি বিশ্বকে বদলে দিয়েছেন তাঁর উদ্ভাবনী শক্তি দিয়ে, দূরদর্শিতা দিয়ে। স্টিভ জবস, আপনাকে ধন্যবাদ।
সূত্র: সিএনএন, ম্যাশেবল