ধন্যবাদের সুবিধা

সামাজিক যোগাযোগের মাধ্যমে নতুন করে পরিচিতদের ঘনিষ্ঠ বন্ধু বানাতে পারে ধন্যবাদ জ্ঞাপনের অভ্যাস। ধন্যবাদ দেওয়া তাই শুধু ভালো অভ্যাসই নয় এটি নতুন বন্ধু তৈরির একটা কার্যকর কৌশলও বটে।
অস্ট্রেলিয়ার গবেষকেরা সম্প্রতি সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে বন্ধু তৈরির ক্ষেত্রে ধন্যবাদ দেওয়ার বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ বলে প্রমাণ পেয়েছেন। এক খবরে ইন্দো এশিয়ান নিউজ সার্ভিস এ তথ্য জানিয়েছে।
নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয়ের মনোবিদ লিজা উইলিয়াম এ প্রসঙ্গে বলেছেন, ‘সামাজিক যোগাযোগের প্ল্যাটফর্মে কাউকে ধন্যবাদ বলার বিষয়টি তাঁর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সংকেত দেয়।’
‘ইমোশন’ সাময়িকীতে প্রকাশিত হয়েছে গবেষণা বিষয়ক এ সংক্রান্ত নিবন্ধটি।
প্রায় ৭০টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে গবেষণা চালিয়েছেন অস্ট্রেলিয়ার গবেষকেরা। গবেষণায় তাঁরা দেখেছেন, স্বল্প পরিচিত জনের কাছ কোনোভাবে সাহায্য পেলে পরে যদি তাঁকে ধন্যবাদ জানানো হয় তবে সেই সম্পর্ক আরও গভীর হতে থাকে। কৃতজ্ঞতা প্রকাশের পরই অধিকাংশ সময় আরও বেশি জানাশোনা বাড়তে দেখা যায়।
গবেষক লিজা আরও বলেন, ‘কৃতজ্ঞতা প্রকাশের সুবিধা নিয়ে নতুন সম্পর্ক তৈরির বিষয়টি প্রথমবারের মতো প্রমাণ করেছে আমাদের এই গবেষণা।’