ধাক্কা খেলেন মাদুরো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানী কারাকাসে ছাত্রদের সরকারবিরোধী বিক্ষোভ। ৪ মার্চ তোলা ছবি। ছবি: এএফপি
রাজধানী কারাকাসে ছাত্রদের সরকারবিরোধী বিক্ষোভ। ৪ মার্চ তোলা ছবি। ছবি: এএফপি

ব্যাপক সরকারবিরোধী বিক্ষোভে ভালোই ধাক্কা খেলেন ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরো। ফেব্রুয়ারির প্রথম দিকে শুরু হওয়া এ বিক্ষোভ গত এক দশকের মধ্যে দেশটিতে সবচেয়ে বড় সরকারবিরোধী আন্দোলন। এ আন্দোলনে সবার আগে রাস্তায় নামে শিক্ষার্থীরা। বিষয়টি এক হিসাবে অদ্ভুত, কারণ দেশটির ছাত্রসমাজের দৃষ্টিভঙ্গি মূলত রক্ষণশীল। লাতিন আমেরিকার অন্য অনেক দেশেই চিত্রটি এর বিপরীত।
বিক্ষোভের সূত্রপাত হয় পশ্চিমাঞ্চলীয় প্রদেশ টাকিরা ও মেরিদাতে। এক মেয়ে শিক্ষার্থী তাঁকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করলে নিরাপত্তাব্যবস্থা জোরদার করার দাবিতে পথে নামে ছাত্ররা। ব্যাপক মুদ্রাস্ফীতি, অপরাধের হার বেড়ে যাওয়া ও মৌলিক খাদ্যপণ্যের ঘাটতির কারণে ইতিমধ্যেই ক্ষোভ ছিল ছাত্রসমাজসহ জনমনে। খুনের হারে ভেনেজুয়েলার অবস্থান গোটা বিশ্বে পঞ্চম। অনেক নগরেই অপরাধ আর নিরাপত্তাহীনতায় জনজীবন বিপর্যস্ত। তো, টাকিরা প্রদেশে শিক্ষার্থীদের প্রতিবাদ একপর্যায়ে সহিংস হয়ে ওঠে। বেশ কিছুসংখ্যক ছাত্রকে গ্রেপ্তার করা হয়। তখন বিরোধী দলের দুই কট্টরপন্থী নেতা লিওপোল্ডো লোপেজ ও মারিয়া করিনা মাচাডো প্রতিবাদে যোগ দেন। রাজধানী কারাকাসে বিক্ষোভ শুরু হয় গত ১২ ফেব্রুয়ারি। সেদিনই সরকারবিরোধীদের শান্তিপূর্ণ এক মিছিলের পর তিন বিক্ষোভকারীকে গুলি করা হয়। এতে রাতারাতি রক্তক্ষয়ী হয়ে ওঠে পরিস্থিতি। তখন থেকে প্রতিদিন বিক্ষোভ চলতে থাকে।
বিরোধীদলীয় নেতা হেনরিক ক্যাপ্রিলেস শুরুর দিককার মিছিল-সমাবেশের বিরুদ্ধে ছিলেন। তবে ৫০০ জনের বেশি লোক গ্রেপ্তার ও ১২ জনের বেশি নিহত হওয়ার পর ক্যাপ্রিলেস এবং বিরোধী দলের তুলনামূলকভাবে উদার অংশটি বিক্ষোভে যোগ দেয়। তবে তারা শান্তিপূর্ণ বিক্ষোভের পক্ষে ছিল। পর্যবেক্ষকদের অনেকে এবং বিরোধীদলীয় নেতা ক্যাপ্রিলেস মনে করেন, সরকারবিরোধী বিক্ষোভকারীদের অধিকাংশই মধ্যবিত্ত শ্রেণীর। তাদের দাবিদাওয়া, উদ্বেগের বিষয়গুলো মধ্যবিত্ত শ্রেণীরই, সমাজের সব শ্রেণীর মানুষের নয়।
বিক্ষোভকারীদের অন্যতম দাবি সরকারপন্থী সংগঠনগুলোর সদস্যদের নিরস্ত্র করা। অন্যদিকে সরকার বলছে, যুক্তরাষ্ট্রের মদদে বিক্ষোভকারীরা অভ্যুত্থানের চেষ্টা করেছে। সরকারের কয়েকজন নেতা সতর্ক করে দিয়ে বলেন, ‘একটি ধীরগতি অভ্যুত্থানের’ চেষ্টা চলছে। এতে প্রতিবাদ-বিক্ষোভ ক্রমেই চরম বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করবে। গোলযোগ তুঙ্গে উঠে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে সরকারের পতন ঘটবে। সরকার এবারের বিক্ষোভের সঙ্গে ২০০২ সালে সাবেক বিপ্লবী নেতা হুগো চাভেজের বিরুদ্ধে এক ব্যর্থ অভ্যুত্থানের তুলনাও করেছে। ক্যানসারে ভুগে অকালপ্রয়াত চাভেজের নিজের পছন্দ করে যাওয়া উত্তরসূরি প্রেসিডেন্ট মাদুরোর ভাষায় বিক্ষোভকারীরা ‘ফ্যাসিস্ট’। আন্তর্জাতিক প্রচারমাধ্যমের সংবাদ পরিবেশনের ধরনেরও নিন্দা করেছেন মাদুরো। বিক্ষোভে উসকানি দেওয়ার দায়ে অভিযুক্ত করে কেবল টিভিতে স্থানীয় টিভি চ্যানেল এনটিএন২৪-এর সম্প্রচার বন্ধ করে দিয়েছে তাঁর সরকার। সিএনএনের স্পেনীয় ভাষার সম্প্রচার বন্ধেরও হুমকি দেওয়া হয়েছে। বিক্ষোভকারীদের দাবি, সরকার প্রচারমাধ্যমের কণ্ঠরোধ করছে। এদিকে পুলিশ, সরকারপন্থী সংগঠনগুলোর সদস্য আর বিক্ষোভকারীরা সবাই কমবেশি সাংবাদিকদের মারধর বা হয়রানি করেছে বলে অভিযোগ উঠেছে। সব মিলিয়ে ভেনেজুয়েলা থেকে নির্ভরযোগ্য খবর পাওয়া কঠিন হয়ে উঠেছে।
সরকারও নিজের সমর্থকদের শক্তি দেখাতে মাঠে নামার ডাক দিয়েছিল। এ আহ্বানে সাড়া দিয়ে তেলখাতের কর্মীসহ অনেক সংগঠনের সদস্যরা প্রেসিডেন্টের সমর্থনে মিছিল বের করেন। এতে একটা জিনিস বোঝা যায়। তা হচ্ছে, মাদুরোর সমর্থনের মূল ভিত্তি ভেনেজুয়েলার সমাজের অপেক্ষাকৃত দরিদ্র অংশ এখনো তাঁর পক্ষে আছে।
প্রেসিডেন্ট মাদুরো বিরোধী দলের নেতা লিওপোল্ডো লোপেজের বিরুদ্ধে সহিংসতা উসকে দেওয়ার অভিযোগ করেছেন। তিনি এখন বিচারের মুখোমুখি হয়ে কারাবন্দী।
প্রশ্ন হচ্ছে, এ আন্দোলনের কার্যকারিতা কতটুকু? এ শুধু মাদুরো দায়িত্ব নেওয়ার পর থেকে সবচেয়ে বড় বিক্ষোভ নয়, গত এক দশকের বেশি সময়ের মধ্যে বৃহত্তম। তবে পরিধি মূলত মধ্যবিত্ত সমাজের মানুষের মধ্যে সীমিত থাকায় এর কার্যকারিতা নিয়ে সংশয় রয়েছে। গরিব ভোটারদের মধ্যে সরকারের প্রতি সমর্থন এখনো জোরালো। গত বছরের ডিসেম্বর মাসের স্থানীয় সরকার নির্বাচনে তারা এ সমর্থনের জোরদার প্রমাণ দিয়েছে। বিরোধী নেতা এনরিক ক্যাপ্রিলেস নিজেই বলেছেন, যে পর্যন্ত না আন্দোলন সমাজের বৃহত্তর পরিসরে ছড়িয়ে পড়বে, সে পর্যন্ত দেশে কোনো পরিবর্তন আসার সম্ভাবনা কম।
ভেনেজুয়েলার পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলও সচকিত হয়ে ওঠে। আর্জেন্টিনা, বলিভিয়া ও ইকুয়েডরের মতো অনেক মিত্র দেশটির পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছে। তারা এ জন্য বিরোধী দলকে দায়ী করে। ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রুসেফ সংলাপের আহ্বান জানান। আর ভেনেজুয়েলার বামপন্থী নেতৃত্বের বরাবরের সমালোচক মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে এ ঘটনা নিয়েও দেশটির একহাত হয়ে গেছে। বিক্ষোভের সময় সংঘটিত ‘অগ্রহণযোগ্য সহিংসতার’ জন্য মাদুরো সরকারের সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। মাদুরো জবাব দিয়েছেন ওয়াশিংটনের বিরুদ্ধে অভ্যুত্থানের চেষ্টা করার অভিযোগ তুলে। তিনি কয়েকজন মার্কিন কূটনীতিককে বহিষ্কার করেন। ওয়াশিংটন যথারীতি পাল্টা বহিষ্কার করেছে। তবে মাদুরো একই সঙ্গে উচ্চপর্যায়ে আলোচনারও চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন ওবামাকে।
সুমন কায়সার, সূত্র: বিবিসি