ধাতব এস৫ ও ট্যাব আনছে স্যামসাং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এ রকম হতে পারে গ্যালাক্সি এস৫ প্রিমিয়াম সংস্করণটি
এ রকম হতে পারে গ্যালাক্সি এস৫ প্রিমিয়াম সংস্করণটি

গ্যালাক্সি এস৫ স্মার্টফোনটির একটি ধাতব সংস্করণ এ বছরের জুন মাসে বাজারে আনবে স্যামসাং। এটি হবে গ্যালাক্সি এস৫ এর প্রিমিয়াম সংস্করণ। এ সময় একটি ধাতব কাঠামোর ট্যাবও বাজারে আনতে পারে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠানটি।  কোরিয়ার সংবাদপত্র এশিয়া টুডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, হাই রেজুলেশনের স্মার্টফোনের বাজারে প্রযুক্তিপণ্য নির্মাতা এলজির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে কিউএইডি রেজুলেশনের (২৫৬০ বাই ১৪৪০ পিক্সেল) ফোন তৈরি করবে স্যামসাং। বাজার-গবেষকেরা ধারণা করছেন, এলজি উচ্চ রেজুলেশনের জি৩ নামের একটি স্মার্টফোন বাজারে আনতে যাচ্ছে।
অবশ্য, কিউএইডি ডিসপ্লের ফোনের ক্ষেত্রে স্যামসাং বা এলজি কেউই প্রথম স্থানটি দাবি করতে পারবে না। চীনের স্মার্টফোন নির্মাতা ভিভো গত বছরেই কিউএইচডি ডিসপ্লে বা ২কে ডিসপ্লের ফোন এক্সপ্লে৩ এস বাজারে এনেছে। এ ছাড়াও চীনের অপ্পোও কিউএইচডি ডিসপ্লের ফোন তৈরি করছে। 
হাই রেজুলেশনের স্ক্রিন ছাড়াও গ্যালাক্সি এস৫ স্মার্টফোনটির প্রিমিয়াম সংস্করণটিতে থাকবে ধাতব কাঠামো, ২০ মেগাপিক্সেলের ক্যামেরা, ২.৫ গিগাহার্টজের কোয়াড কোর স্ন্যাপড্রাগন ৮০৫ প্রসেসর, তিন গিগাবাইট র্যাম।

প্রিমিয়াম সংস্করণটির সঙ্গে বর্তমানে বাজারে থাকা এস৫ তুলনা করলে দেখা যাবে, এস৫ স্মার্টফোনটিতে রয়েছে প্লাস্টিকের কাঠামো, ১৬ মেগাপিক্সেলের ক্যামেরা, ২ গিগাবাইট র্যাম, স্ন্যাপড্রাগন ৮০১ ও আট কোরের প্রসেসর।

প্রসঙ্গত, ধাতব কাঠামোর স্মার্টফোন বাজারে না আনায় দীর্ঘদিন ধরেই গ্রাহক ও সমালোচকদের সমালোচনার মুখে পড়েছে স্যামসাং।

গত বছর এলজির আগে বিশ্বের প্রথম বাঁকানো ডিসপ্লের ফোন ‘গ্যালাক্সি রাউন্ড’ বাজারে এনেছিল স্যামসাং। এই ফোনটি কেবল দক্ষিণ কোরিয়ার বাজারে উন্মুক্ত করেছে প্রতিষ্ঠানটি।