ধামরাইয়ে চালু হলো ডিজিটাল শ্রেণীকক্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষাব্যবস্থায় তথ্যপ্রযুক্তি ব্যবহারের পাইলট কর্মসূচির আওতায় ডিজিটাল শ্রেণীকক্ষ (স্মার্ট ক্লাসরুম) ও কম্পিউটার ল্যাব চালু হয়েছে ঢাকার ধামরাইয়ে। গতকাল রোববার সকালে ধামরাইয়ে উপজেলার আলহাজ জামাল উদ্দীন আদর্শ উচ্চবিদ্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান। এ সময় তিনি বলেন, ‘সরকারের ডিজিটাল বাংলাদেশ পদক্ষেপের অংশ হিসেবে এ শ্রেণীকক্ষ চালু হলো, যার মাধ্যমে শিক্ষার্থীরা প্রযুক্তির সহায়তার পড়াশোনা করতে পারবে।’ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ বেনজির আহমেদ, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের উপসচিব আবুল কালাম আজাদ, জ্যেষ্ঠ সিস্টেম অ্যানালিস্ট তারেক মোসাদ্দেক বরকতউল্লাহ, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি জামালউদ্দিন, আইসিটি মন্ত্রণালয়ের পরামর্শক মুনির হাসানসহ অনেকে। ধামরাইয়ের এ প্রকল্পটি বিজ্ঞান এবং আইসিটি মন্ত্রণালয়, যুক্তরাষ্ট্রভিত্তিক ভলান্টারি অ্যাসোসিয়েশন ফর বাংলাদেশ (ভিএবি) এবং বেসরকারি সংস্থা ডিনেটের যৌথ উদ্যোগে বাস্তবায়িত হচ্ছে। ডিনেটের নির্বাহী পরিচালক অনন্য রায়হান জানান, ‘প্রথমবারের মতো স্মার্ট ক্লাসরুমের যাত্রা শুরু হলো এবং এখন বাংলায় পাঠ্য বিষয় তৈরির কাজ চলছে। আগামী তিন বছরে বাংলাদেশে ১০০টি বিদ্যালয়ে এ রকম ১০০টি স্মার্ট ক্লাসরুম স্থাপন করা হবে।’ স্মার্ট ক্লাসরুমের মাধ্যমে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের বিজ্ঞান, ইংরেজি, গণিত ও ভূগোল বড় পর্দার টিভির মাধ্যমে পড়ানো হবে। এ জন্য বিষয়ভিত্তিক শিক্ষকদের তথ্যপ্রযুক্তিতে দক্ষ করে গড়ে তোলার জন্য প্রশিক্ষণ দেওয়া হবে। স্মার্ট ক্লাসরুমের পাশাপাশি বিদ্যালয়ে চারটি ল্যাপটপ কম্পিউটার, ইন্টারনেট সুবিধাসহ একটি ল্যাব স্থাপন করা হয়েছে। যেখানে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের বিনামূল্যে কম্পিউটার শেখানো হবে। —বায়েজিদ ভূঁইয়া, ধামরাই (ঢাকা) থেকে ফিরে