ধুন্ধুমার যোদ্ধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যারাথনের যুদ্ধ হয়েছিল খ্রিষ্টপূর্ব ৪৯০ সালে। পার্সিয়ানদের পক্ষে আড়াই লাখ সৈনিক, অন্যদিকে বীর ম্যাল্টিয়াডিসের হাতে মাত্র ১০ হাজার এথেনীয় সৈনিক। জয় হয়েছিল ম্যাল্টিয়াডিসের এথেনীয় বাহিনীর। এই পরাজয় বিশাল পারস্য সাম্রাজ্যের (বর্তমান ইরান) অধিপতি সম্রাট দারিয়ুসের পক্ষে হজম করা সম্ভব হয়নি। এটাকে উনি ব্যক্তিগত অপমান হিসেবে নিলেন। কথিত আছে, এ ঘটনার পর থেকে তিনি প্রতিদিনের তিন বেলা খাবারের আগে নিজেকে স্মরণ করিয়ে দিতেন ‘এথেন্স যেদিন আগুনে জ্বলবে, আমার সকল দায়িত্ব শেষ হবে।’ কিন্তু তাঁর জীবদ্দশায় তা আর সম্ভব হয়নি। মৃত্যুশয্যায় পুত্র জারক্সিসকে এথেন্সের (বর্তমান গ্রিস) বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার ওয়াদা করিয়ে নেন বাবা দারিয়ুস। দারিয়ুসের মৃত্যুর পর পিতার সেই প্রতিশোধ নিতে পুত্র জারক্সিস প্রায় ৫ লাখ সৈন্যের বিশাল বাহিনী নিয়ে ম্যারাথনের যুদ্ধের ১০ বছর পরে আবারও আক্রমণ চালান গ্রিস তথা ইউরোপে এবং তখন থেকেই রচিত হয় ‘৩০০’ নামে পরিচিত বিখ্যাত থার্মোপলির যুদ্ধের ইতিহাস। একই নামে ১৯৯৮ সালে প্রকাশিত ফ্র্যাংক মিলারের কমিক সিরিজ থেকে অনুপ্রাণিত হয়ে জ্যাক স্নাইডারের পরিচালনায় ৩০০ এবং ৩০০: রাইজ অব অ্যান এম্পায়ার নামে দুটি চলচ্চিত্র ওয়ার্নার ব্রাদার্স এন্টারটেইনমেন্টের ব্যানারে বাজারে আসে। আর এই চলচ্চিত্রের শেষের দিকের জলপথের আক্রমণের ওপর ভিত্তি করে ‘৩০০: সিজ ইউর গ্লোরি’ নামে স্মার্টফোনের জন্য গেম ছাড়ে ওয়ার্নার ব্রাদার্স এন্টারটেইনমেন্ট।

গেমে আপনাকে মোট চারটি যুদ্ধে অংশ নিতে হবে। প্রথম যুদ্ধে পার্সিয়ান যোদ্ধাদের আক্রমণ ঠেকাতে হবে। আর যুদ্ধে যুদ্ধজাহাজে করে শত্রুর জাহাজে উঠে তাদের প্রতিহত করতে হবে। দ্বিতীয় যুদ্ধে আপনাকে তির-ধনুকের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে আর মুখোশ পরা দৈত্যদের সঙ্গে লড়াই করতে হবে। গেমের তৃতীয় যুদ্ধে জাহাজের বোমার আক্রমণকে প্রতিহত করতে হবে। শেষ যুদ্ধে পার্সিয়ান নেত্রী আর্টিমিসিয়াকে পরাস্ত করতে হবে।

গেমে আপনার পছন্দমতো যুদ্ধ নির্বাচন করে খেলতে পারবেন। এমন ধুন্ধুমার মারকুটে যোদ্ধা হতে আপনি প্রস্তুত তো?

গেমটি নামানোর ঠিকানা

অ্যান্ড্রয়েড: https://goo.gl/Da25Mp

আইওএস: https://goo.gl/v8R86x