আকাশভরা সূর্য-তারা, বাতাসভরা ধুলো
ধুলোয় ঢাকা এই শহরের রাস্তা ও পথগুলো!
ধুলোয় ঢাকা গাছগাছালি, গাছের সবুজ পাতা
ধুলোয় ঢাকে আমজনতার শরীর এবং মাথা
ঘণ্টা খানেক থাকলে পথে। মাস্কে যতই ঢাকো
নাক তোমাদের-লাভ কিছু হয়? ধুলোয় মাখো মাখো
আমরা সবাই। ঘুমের মাঝেও ঢুকছে ধুলো নাকে
এই নগরীর সবাই কি আর এসির ঘরে থাকে?
ধুলোর সাথে নানান রকম বিষ রয়েছে মিশে
এই ধুলোতে হয় যত আর তেমন ক্ষতি কিসে?
ডাস্টে যাদের অ্যালার্জি আর অ্যাজমা যাদের আছে
এই ধুলো কী বিপজ্জনক জানেন তাদের কাছে?
ধুলায় ধুলায় ধূসর হতে চেয়েছিলেন কবি
সন্দেহ নেই আবেগ এবং ভাবের কথা সবই!
এই শহরের একটু ধুলো ঢুকত নাকে যদি
তার কবিতায় বইত কী আর অমন ভাবের নদী?
বৃষ্টিবিহীন এই ঋতুতে একটু ধুলো হবে
কিন্তু এমন ধুলোর সাগর কে দেখেছে কবে?
তিলোত্তমা ঢাকা এখন সাজল ধুলোর সাজে
সবাই মিলে দিয়ে গেলেন ধুলোর শুভেচ্ছা যে!
এই শহরের রাস্তা যারা রাখেন খুঁড়ে খুঁড়ে
ধুলোর পরিবর্তে তাদের পুষ্প দেব ছুড়ে?
হে দয়াময়, ডাকছি তোমায়, একটু ঢালো পানি
নগরবাসীর একটু যদি কমাও পেরেশানি!