ধূমকেতুতে প্রথম অবতরণ
অন্য সব ধূমকেতুর মতোই সিক্সটিসেভেনপি আমাদের সৌরজগতের শৈশবকালীন অবস্থার অনেক চিহ্ন ধারণ করছে। আর সেসব রহস্য ভেদ করতে পারলে বিজ্ঞানীদের জন্য এখানকার গ্রহগুলোর সৃষ্টি প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানা সহজ হবে। সেই লক্ষ্যেই ইউরোপীয় মহাকাশ সংস্থার (ইএসএ) বিজ্ঞানীরা রোজেটা নামের একটি মহাকাশযান পাঠান ধূমকেতু সিক্সটিসেভেনপি অভিমুখে। ধূমকেতুটি ঘণ্টায় এক লাখ ৩৫ হাজার কিলোমিটার গতিতে ঘুরছে। মহাকাশে দশকব্যাপী দীর্ঘ যাত্রা শেষে গত নভেম্বরে ওই অনুসন্ধানী রোবটযান ফিলে অবতরণ করে ধূমকেতুটির পৃষ্ঠে।
এক দশকের ওই অভিযানে মহাকাশে ৫১ কোটি কিলোমিটার পাড়ি দিয়েছে ইএসএর রোজেটা। তবে ধূমকেতুর পৃষ্ঠে অবতরণের পরপরই কিছু সমস্যা হয় এবং ইএসএর সঙ্গে ফিলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তার পরও অভিযানটিকে বড় সাফল্য হিসেবে বিবেচনা করা হচ্ছে। গবেষকেরা বলছেন, ফিলের ব্যাটারির কার্যক্ষমতা ফুরিয়ে যাওয়ায় নিষ্ক্রিয় হয়ে পড়ে ফিলে। কিন্তু তার আগেই ফিলে ওই ধূমকেতু থেকে প্রাথমিক কিছু তথ্য-উপাত্ত ও ছবি পাঠাতে সমর্থ হয়। এর মধ্যে রয়েছে কার্বনের কিছু যৌগ খুঁজে পাওয়ার মতো বড় খবর। আমাদের পৃথিবীর জৈব উপাদানগুলোও কার্বনের তৈরি। তাই ধূমকেতুর পৃষ্ঠে এ ধরনের যৌগ পাওয়ার ঘটনাটি বেশ গুরুত্বপূর্ণ। এখন এসব তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে দেখা হচ্ছে।
ফিলের সমস্যায় পড়ার ব্যাপারটি সিক্সটিসেভেনপিতে অবতরণের পরপরই স্পষ্ট হয়ে যায়। কাঙ্ক্ষিত স্থানে অবতরণ করতে ব্যর্থ হয় রোবটযানটি। রোবটযানটি প্রথম ধূমকেতুর মাটি স্পর্শ করে ভূমিতে ধাক্কা খেয়ে কয়েক শ মিটার ওপরে উঠে যায়। ওই অবস্থায় প্রায় দুই ঘণ্টা থাকার পর এটি আবার ভূমি স্পর্শ করে। তবে আবারও ধাক্কা খেয়ে কিছুটা ওপরে উঠে যায়। এর কয়েক মিনিট পরে এটি ধূমকেতুর মাটিতে স্থির হয়।
সূত্র: সায়েন্টিফিক আমেরিকান।