নকল পণ্যে হাত পাকান অ্যাপলের নতুন কর্মীরা!
অ্যাপল কীভাবে অতি গোপনে তাদের পণ্য তৈরি করে এবং কর্মীদের কাছ থেকে সে তথ্য ফাঁস হওয়া ঠেকায়, সে বিষয়ে তথ্য পাওয়া গেছে সম্প্রতি প্রকাশিত একটি বইয়ে। এ তথ্যটি অ্যাডাম ল্যাসিনস্কি তাঁর সম্প্রতি প্রকাশিত ‘ইনসাইড অ্যাপল: হাউ আমেরিকাস মোস্ট অ্যাডমায়ারড অ্যান্ড সিক্রেটিভ কোম্পানি রিয়েলি ওয়ার্কস’ বইটিতে লিপিবদ্ধ করেছেন। বইটিতে অ্যাপল কর্তৃপক্ষ কীভাবে নতুন কর্মীদের বিশ্বস্ততার পরীক্ষা নেয়, লেখক সে তথ্য তুলে ধরেছেন।টেক জায়ান্ট অ্যাপল নতুন কর্মীদের প্রথমে নকল পণ্য তৈরির পরীক্ষায় বসায়। যদি সে কর্মী বিশ্বস্ততার সঙ্গে এ পরীক্ষায় উতরে যেতে পারেন, কেবল তখনই অ্যাপলের আসল পণ্য তৈরির কর্মযজ্ঞে সুযোগ পায় সে। ল্যাসিনস্কি তাঁর বইটিতে এমন তথ্য জানিয়েছেন বলেই খবর প্রকাশ করেছে টিওআই।এদিকে অ্যাপলের এক কর্মীর উদ্ধৃতি দিয়ে বিজনেস ইনসাইডার একটি প্রতিবেদন ছেপেছে। এ প্রতিবেদনেও ল্যাসিনস্কির দেওয়া তথ্যকে সমর্থন করেছে পত্রিকাটি। ইনসাইডারের কাছে অ্যাপলের ওই সাবেক কর্মী বলেছেন, ‘আমার এক বন্ধু যে অ্যাপলে জ্যেষ্ঠ প্রকৌশলী হিসেবে কাজ করত; তার ক্যারিয়ারের প্রথমদিকে সে দীর্ঘদিন ধরে নকল পণ্য তৈরির কাজ করে গেছে। তাকে নয় মাস ধরে সাক্ষাত্কারও দিতে হয়েছে। আর এই নতুন কর্মী হিসেবে বিশ্বস্ততা পরীক্ষা করার এই পুরো প্রক্রিয়াটিই ছিল অ্যাপল কর্তৃপক্ষের নিবিড় ও প্রত্যক্ষ পর্যবেক্ষণের অধীনে।ফরচুন সাময়িকীর জ্যেষ্ঠ সাংবাদিক অ্যাডাম ল্যাসিনস্কি তাঁর সম্প্রতি প্রকাশিত বইটিতে অ্যাপলের অতি গোপনীয় করপোরেট সংস্কৃতির তথ্য জানানোর পাশাপাশি অ্যাপলের গঠন কাঠামো নিয়েও আলোচনা করেছেন।