মো. মাহবুবুর রহমান, সহকারী শিক্ষক
ন্যাশনাল ব্যাংক পাবলিক স্কুল, ঢাকা
বিরাম চিহ্ন n অংশ-১৩
প্রিয় শিক্ষার্থী, সমাপনী পরীক্ষায় বাংলা বিষয়ে ১০ নম্বর প্রশ্ন থাকবে ‘বিরাম চিহ্ন বসিয়ে অনুচ্ছেদ পুনর্লিখন’-এর ওপর। নম্বর থাকবে ৫। তোমাদের চর্চার জন্য নিচে এর কিছু নমুনা দেওয়া হলো।
৩৪.
নকল রানি কাঁকনমালার সেকি দম্ভ মন্ত্রীকে ধমক দেয় সেনাপতির মাথা কাটার জন্য জল্লাদকে ডাকে রাজপুরীর সকলে তার ভয়ে কাঁপতে থাকে সকলে রানির এমন ব্যবহারে চমকে উঠে ভাবতে থাকে তাদের রানি তো এমন ছিল না!
উত্তর: নকল রানি কাঁকনমালার সেকি দম্ভ! মন্ত্রীকে ধমক দেয়, সেনাপতির মাথা কাটার জন্য জল্লাদকে ডাকে। রাজপুরীর সকলে তার ভয়ে কাঁপতে থাকে। সকলে রানির এমন ব্যবহারে চমকে উঠে ভাবতে থাকে, তাদের রানি তো এমন ছিল না!
৩৫.
দুঃখের দিন দুঃখে দুঃখে যেতে থাকে কাঞ্চনমালার একদিন নদীর ঘাটে যান স্নান করতে কোত্থেকে জানি একটা মেয়ে এসে তাকে বলে রানির যদি দাসীর দরকার হয় তো সে দাসী হবে রাজার শরীর থেকে সুচ খোলার জন্য একজনের দরকার ছিল রানি কাঞ্চনমালার মেয়েটাকে সেই কাজের জন্য নিয়ে নেন রানি
উত্তর: দুঃখের দিন দুঃখে দুঃখে যেতে থাকে কাঞ্চনমালার। একদিন নদীর ঘাটে যান স্নান করতে। কোত্থেকে জানি একটা মেয়ে এসে তাকে বলে, রানির যদি দাসীর দরকার হয়, তো সে দাসী হবে। রাজার শরীর থেকে সুচ খোলার জন্য একজনের দরকার ছিল রানি কাঞ্চনমালার। মেয়েটাকে সেই কাজের জন্য নিয়ে নেন রানি।
৩৬.
নায়াগ্রা হলো জলপ্রপাত জলপ্রপাত তো কখনো দেখিনি শুধু জেনে এসেছি ঝরনার মতো পাহাড়ের ওপর থেকে পানি নিচে সমতল ভূমিতে গড়িয়ে পড়ছে তবে আকারে প্রকারে অনেক বিশাল। ঝরনা ছোট আর জলপ্রপাত বড় এটুকু যা তফাত ওপর থেকে নিচে জল পতনের ব্যাপার দু জায়গাতেই ঘটছে জল যদি নাই পড়ে তা হলে ঝরনাও হবে না জলপ্রপাতও হবে না।
উত্তর: নায়াগ্রা হলো জলপ্রপাত। জলপ্রপাত তো কখনো দেখিনি। শুধু জেনে এসেছি, ঝরনার মতো পাহাড়ের ওপর থেকে পানি নিচে সমতল ভূমিতে গড়িয়ে পড়ছে, তবে আকারে-প্রকারে অনেক বিশাল। ঝরনা ছোট, আর জলপ্রপাত বড়—এটুকু যা তফাত। ওপর থেকে নিচে জল পতনের ব্যাপার দু-জায়গাতেই ঘটছে। জল যদি নাই পড়ে, তা হলে ঝরনাও হবে না, জলপ্রপাতও হবে না।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল