নকিয়ার নতুন স্মার্টফোনের তথ্য ফাঁস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৪১ মেগাপিক্সেলের ক্যামেরাযুক্ত নতুন একটি স্মার্টফোন আনছে নকিয়া এমন খবর রটছে দীর্ঘদিন ধরেই। সম্প্রতি একটি ভিডিও ফাঁসের ঘটনায় পোক্ত ভিত্তি পেয়েছে এ খবর।

‘ইওএস’ কোড নামের উইন্ডোজনির্ভর নতুন  এ স্মার্টফোনটি নকিয়া তাদের জনপ্রিয় লুমিয়া সিরিজে যুক্ত করতে পারে। ৭ জুন শুক্রবার ‘ভিজি লিকস’ নামের একটি ইউটিউব অ্যাকাউন্ট থেকে নকিয়ার নতুন এ স্মার্টফোনের একটি ভিডিও ফাঁস করা হয়েছে। ভিডিওতে নতুন স্মার্টফোনে ৪১ মেগাপিক্সেলের ক্যামেরা দেখানো হয়েছে। নকিয়ার ৮০৮ পিওরভিউতে এ ক্যামেরা প্রযুক্তি যুক্ত ছিল।

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জ এক প্রতিবেদনে জানিয়েছে, ফাঁস হওয়া ভিডিওতে ‘এক্সএক্স মেগাপিক্সেল’ দেখানো হলেও স্মার্টফোনটিতে নকিয়ার লোগো ও পিওরভিউ লেবেল দেখা গেছে।

অবশ্য ফাঁস হওয়া এ ভিডিও সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি নকিয়া কর্তৃপক্ষ।

বাজার বিশ্লেষকেরা ধারণা করছেন, শিগগিরই লুমিয়া সিরিজে ৪১ মেগাপিক্সেল ক্যামেরার নতুন স্মার্টফোনটি বাজারে আনতে পারে ফিনল্যান্ডের মুঠোফোন নির্মাতা প্রতিষ্ঠানটি।

ডব্লিউপি সেন্ট্রাল নামের একটি প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ৪১ মেগাপিক্সেলের সেন্সরযুক্ত ‘নকিয়া লুমিয়া ইওএস’ নামের একটি নতুন স্মার্টফোন পরীক্ষা করে দেখছে নকিয়া। এর কোড নাম রাখা হয়েছে ‘এলভিস’। অর্গানিক লাইট এমিটিং ডায়োড বা ওএলইডি ডিসপ্লেনির্ভর স্মার্টফোনটিতে ব্যবহূত হবে পলিকার্বনেটের কাঠামো।