নকিয়ার সাবেকরা আনলেন নতুন স্মার্টফোন
‘সেইলফিশ’ অপারেটিং সিস্টেমনির্ভর নতুন স্মার্টফোন উন্মুক্ত করেছে ফিনল্যান্ডের মোবাইল নির্মাতা নতুন প্রতিষ্ঠান জোলা। নকিয়ার সাবেক কর্মকর্তারা মিলে এ প্রতিষ্ঠানটি গড়ে তুলেছেন। এক খবরে এ তথ্য জানিয়েছে বিবিসি অনলাইন।স্মার্টফোনটির এখনও কোনো নাম দেননি জোলার কর্মকর্তারা। তবে এটিকে ‘দ্য আদার হাফ’ বলে উল্লেখ করছেন তাঁরা। জোলার তৈরি প্রথম এই স্মার্টফোনটির দাম ৩৯৯ ইউরো। সাড়ে চার ইঞ্চি মাপের ডিসপ্লেযুক্ত স্মার্টফোনটিতে রয়েছে ডুয়াল কোরের প্রসেসর, অটোফোকাসসহ আট মেগাপিক্সেল ক্যামেরা, ১৬ গিগাবাইট পর্যন্ত তথ্য ধারণ সুবিধা। ফোরজি সমর্থনযোগ্য স্মার্টফোনটিতে অ্যান্ড্রয়েড অ্যাপ সমর্থন করবে। চলতি বছরের শেষ নাগাদ বাজারে আসবে স্মার্টফোনটি।এর আগে ২০১২ সালের নভেম্বর মাসে জোলার কর্মকর্তারা জানিয়েছিলেন, ২০১৩ সালের মাঝামাঝি ‘বিশ্বের সেরা স্মার্টফোন’ বাজারে আনবেন তাঁরা। সেসময় ‘জোলা’র ব্যানারে নতুন অপারেটিং সিস্টেম ‘সেইলফিশ’-নির্ভর স্মার্টফোন বাজারে আনার পরিকল্পনা কথা জানিয়েছিলেন নকিয়ার সাবেক কর্মকর্তারা। ২১ নভেম্বর জোলার পক্ষ থেকে ‘সেইলফিশ’ অপারেটিং সিস্টেম তৈরির ঘোষণা দিয়েছিলেন তাঁরা।২০১০-১১ সালের দিকে নকিয়া-ইনটেলের মিগো সফটওয়্যার আর সিমবিয়ান অপারেটিং সিস্টেমের স্মার্টফোন তৈরি করত ফিনল্যান্ডের মোবাইল নির্মাতাপ্রতিষ্ঠান নকিয়া। বর্তমানে উইন্ডোজ অপারেটিং সিস্টেম-নির্ভর স্মার্টফোন তৈরির কারণে সিমবিয়ান ও মিগো সফটওয়্যার প্ল্যাটফর্ম ছেড়ে দিয়েছে নকিয়া। নকিয়ার মিগো সফটওয়্যার ও এন৯ স্মার্টফোন তৈরির পেছনে যে দলটি কাজ করছিল, সে দলটিরই সাবেক কয়েকজন কর্মকর্তা মিলে প্রতিষ্ঠা করেছেন ‘জোলা’। এদিকে স্মার্টফোনের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বাজারে ‘জোলা’র এই নতুন স্মার্টফোনটিকে অ্যাপল, স্যামসাং, নকিয়া, অ্যান্ড্রয়েড-নির্ভর বিভিন্ন স্মার্টফোনের সঙ্গে প্রতিযোগিতা করতে হবে বলেই জানিয়েছেন প্রযুক্তি বিশ্লেষকেরা। জোলার প্রতিষ্ঠাতা আনটি সারনিও জানিয়েছেন, হাই এন্ড বা বেশি দামের স্মার্টফোনের পর সেইলফিশ-নির্ভর মিড রেঞ্জের স্মার্টফোন বাজারে আনবে জোলা।