নকিয়া আনবে ‘ক্যাটওয়াক’ স্মার্টফোন
‘ক্যাটওয়াক’ কোডনামের একটি নতুন স্মার্টফোন বাজারে আনবে ফিনল্যান্ডের মুঠোফোন নির্মাতা প্রতিষ্ঠান নকিয়া। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জের সাম্প্রতিক একটি প্রতিবেদনে বলা হয়, নকিয়া লুমিয়া সিরিজে যুক্ত হবে ‘ক্যাটওয়াক’ স্মার্টফোন। দ্য ভার্জের সূত্র উল্লেখ করে এনডিটিভি জানায়, নকিয়ার হাই এন্ড বা দামি স্মার্টফোন সিরিজ ‘লুমিয়া ৯২০’-এর পরবর্তী সংস্করণ হবে ক্যাটওয়াক।ভার্জের ওই প্রতিবেদনে বলা হয়েছে, ক্যাটওয়াক স্মার্টফোনটিতে বর্তমান লুমিয়া ৯২০ স্মার্টফোনের পলিকার্বনেট প্লাস্টিকের তৈরি কাঠামোর পরিবর্তে অ্যালুমিনিয়ামের কাঠামো ব্যবহূত হবে। লুমিয়া সিরিজে নতুন দুটি মডেল যুক্ত করবে নকিয়া। এ স্মার্টফোনগুলো হবে অনেক হালকা-পাতলা।নকিয়ার ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইটটির প্রতিবেদনে আরও বলা হয়, চলতি বছরের শেষদিকে এই স্মার্টফোন বাজারে আনতে পারে নকিয়া। এ স্মার্টফোনে নকিয়া লুমিয়া ৯২০ মডেলের মতো হার্ডওয়্যার ব্যবহূত হবে। ক্যাটওয়াক স্মার্টফোন বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি নকিয়া কর্তৃপক্ষ।