নকিয়া বাদ, সারফেস আনছে মাইক্রোসফট?

নকিয়াকে কিনে ৩০০ কোটি মার্কিন ডলার লোকসান গোনার পর মাইক্রোসফট স্মার্টফোনের ব্যবসায় থাকবে কিনা তা নিয়েই প্রশ্ন উঠেছে। কিন্তু প্রতিষ্ঠানটি মরিয়া হয়ে স্মার্টফোনের বাজার দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এরই অংশ হিসেবে মাইক্রোসফট তৈরি করছে নতুন স্মার্টফোন; যা সারফেস মোবাইল নামে বাজারে আসতে পারে। নকিয়ার লুমিয়া নামটি বাদ দিয়ে মাইক্রোসফট নিজস্ব ব্র্যান্ডিংয়ের ফোনের দিকেই ঝুঁকতে পারে বলে মনে করছেন বাজার-বিশ্লেষকেরা। বর্তমানে সারফেস ব্র্যান্ডের ট্যাবলেট কম্পিউটার তৈরি করে মাইক্রোসফট।
সম্প্রতি ডব্লিউএমপাওয়ার ইউজার নামের একটি ওয়েবসাইটে মাইক্রোসফটের নতুন স্মার্টফোনের তথ্য ফাঁস হয়েছে। ফাঁস হওয়ার স্ক্রিনশটে নতুন সারফেস ফোনের তথ্য দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে— ফোনটির কোড নাম ‘জাগারনাট আলফা’।
এ বছরের শেষ নাগাদ কিংবা আগামী বছরের শুরুতে সারফেস মোবাইল নামে এটি বাজারে ছাড়তে পারে মাইক্রোসফট। এ ফোনে থাকবে সাড়ে পাঁচ ইঞ্চি মাপের অ্যামোলেড ডিসপ্লে, ইনটেল অ্যাটম এক্সথ্রি (সোফিয়া) সিপিইউ, চার জিবি র্যাম। ফোনটি ১৬,৩২ ও ৬৪ জিবি স্টোরেজ মডেলে পাওয়া যাবে। এটি সারফেস ট্যাবের মতো সারফেস পেন টাচ প্রযুক্তি সমর্থন করবে।
নতুন এই স্মার্টফোনে সফটওয়্যার হিসেবে ব্যবহৃত হবে উইন্ডোজ ১০ মোবাইল। এ ছাড়াও তারহীন চার্জিং প্রযুক্তির পাশাপাশি এতে ব্যবহৃত হবে ইউএসবি টাইপ-সি। ক্যামেরা হিসেবে সারফেসের সামনে থাকবে ২১ মেগাপিক্সেল পিওরভিউ জেসিস ৬ লেন্স ও সামনে আট মেগাপিক্সেল জেসিস ওয়াই-অ্যাঙ্গেল ক্যামেরা। (বিজনেস ইনসাইডার)