নকিয়া-স্যামসাং নিষ্পত্তি করছে পেটেন্ট মামলা
আগামী কয়েক দিনের মধ্যে দুই বছর ধরে পেটেন্ট নকিয়া ও স্যামসাংয়ের মধ্যকার দ্বন্দ্বের অবসান হয়ে যেতে পারে। বাজার বিশ্লেষকেরা বলছেন, নকিয়াকে এককালীন অর্থ পরিশোধের মাধ্যমে দুই প্রতিষ্ঠানের মধ্যকার দ্বন্দ্বের সমাধান করে ফেলবে স্যামসাং।
২০১৩ সালে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান স্যামসাংয়ের বিরুদ্ধে আন্তর্জাতিক চেম্বার অব কমার্সের সালিসি আদালতে যায় ফিনল্যান্ডের মোবাইল নির্মাতাপ্রতিষ্ঠান নকিয়া। ২০১৪ সাল থেকে পরবর্তী পাঁচ বছরের পেটেন্টের অতিরিক্ত অর্থ আদায়ের জন্য আদালতে যায় নকিয়া। শিগগিরই আদালত এ বিষয়ে রায় দেবেন।
ইউরোপের নরডিয়া গ্রুপের বিশ্লেষক সামি সারকামিস বলেন, রায় নকিয়ার পক্ষে গেলে এ বছর নকিয়ার পরিচালনা মুনাফা ৭০ কোটি ইউরোতে দাঁড়াবে। তাঁর ধারণা, নকিয়াকে বার্ষিক পেটেন্ট ফি বাবদ ৩০ কোটি ইউরো পরিশোধ করবে স্যামসাং।
বাজার বিশ্লেষকেরা বলছেন, নকিয়ার বিনিয়োগকারীরা অ্যালকাটেল-লুসেন্টের বিষয় নিয়ে উদ্বিগ্ন। গত বছরের এপ্রিলে ১ হাজার ৫৬০ কোটি ইউরোতে ফ্রান্সের নেটওয়ার্কিং সেবাদাতা প্রতিষ্ঠানটিকে অধিগ্রহণ করে নকিয়া। এ বছরে প্রথম প্রান্তিকের মধ্যেই এ প্রক্রিয়া সম্পন্ন হবে। অ্যালকাটেল-লুসেন্টকে অধিগ্রহণ করার ঘোষণায় নকিয়ার শেয়ারের দাম কমলেও স্যামসাংয়ের সঙ্গে চুক্তিতে শেয়ারের দাম বাড়তে পারে।
নকিয়া একসময় বিশ্বের মোবাইল ফোন বাজারের শীর্ষস্থানে ছিল। মোবাইল ফোন বিভাগটি মাইক্রোসফটের কাছে বেচে দিয়ে বর্তমানে টেলিকম নেটওয়ার্ক সেবাদাতা হিসেবে কাজ করছে প্রতিষ্ঠানটি। তবে মোবাইল ফোনের অনেক পেটেন্ট পোর্টফলিও রয়ে গেছে নকিয়ার কাছে।
নকিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, গত মাসে আন্তর্জাতিক চেম্বার অব কমার্সের কাছ থেকে স্যামসাংয়ের সঙ্গে সমঝোতা করে নেওয়ার যে পরামর্শ এসেছে তা শিগগিরই শেষ হচ্ছে। এ বিষয়টি কবে নিষ্পত্তি হবে সে বিষয়ে নকিয়া বা স্যামসাংয়ের কোনো কর্মকর্তা মুখ খোলেননি। তথ্যসূত্র: রয়টার্স