নকিয়ার অভি স্টোরে ডেইলি স্টার
নকিয়া ও ইংরেজি দৈনিক ডেইলি স্টার-এর উদ্যোগে ‘দি ডেইলি স্টার উইজেট’ নামে মোবাইল ফোনের জন্য একটি মোবাইল প্রোগ্রাম চালু করা হয়েছে। ফলে নকিয়ার অনলাইন প্রোগ্রামের ভান্ডার অভি স্টোর ব্যবহারকারীরা ডেইলি স্টার-এর খবর মোবাইল ফোনের মাধ্যমে পাবেন। গতকাল বুধবার ঢাকার একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে এ প্রোগ্রামটির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে ডেইলি স্টার-এর সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম বলেন, ‘সময়ের সঙ্গে তাল মিলিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। সংবাদপত্রে প্রযুক্তি-সুবিধা কাজে লাগিয়ে আরও আধুনিক করতে হবে। তথ্যপ্রযুক্তির সব সুবিধা কাজে লাগিয়ে পাঠকদের সর্বোত্তম সেবা প্রদান করতে হবে।’ তিনি বলেন, ‘নতুন ও আধুনিক সুবিধা দিয়ে বিপুলসংখ্যক পাঠক আমাদের সঙ্গে চাই। মুদ্রিত পত্রিকা, ওয়েবসাইট বিশেষ করে মোবাইল ফোনের মাধ্যমে।’ নকিয়ার এমার্জিং এশিয়ার মহাব্যবস্থাপক প্রেমচাঁদ অনুষ্ঠানে বলেন, ‘বাংলাদেশে ইন্টারনেটকে জনপ্রিয় করে তোলার জন্য সব সময় স্থানীয় বিষয়গুলো (লোকাল কনটেন্ট) জনপ্রিয় করে তোলার ব্যাপারে জোর দিয়েছি।’ ডেইলি স্টার উইজেটের আত্মপ্রকাশ দেশের মোবাইল প্রোগ্রামের উন্নয়নে নকিয়ার পৃষ্ঠপোষকতার একটি অংশ। অনুষ্ঠানে ডেইলি স্টার-এর আইটি স্ট্যাটেজিস্ট অ্যান্ড ইনচার্জ অনলাইন এডিশন নাফিদ ইমরান আহমেদ ও নকিয়ার বিপণন প্রধান সাজিদ রেজোয়ান প্রোগ্রামটির বিভিন্ন দিক তুলে ধরেন। অনুষ্ঠানে জানানো হয়, ডেইলি স্টার উইজেট নকিয়ার অভি স্টোরে থাকবে। গ্রাহকেরা তাঁদের প্রয়োজনীয় সংবাদ নিজেদের মোবাইল ফোনে নামিয়ে নিতে (ডাউনলোড) পারবেন। উইজেটটি এখন নকিয়ার সব স্মার্টফোনে ব্যবহার করা যাবে। ব্যবহারকারীরা সবার সঙ্গে তাঁদের নিজেদের অভিজ্ঞতা বিনিময় করতে পারবেন। —তারিকুর রহমান খান