নকিয়ার উইন্ডোজ ফোনে ‘পিওরভিউ ৮০৮’
মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠান নকিয়া এবার তাদের নতুন উইন্ডোজ ফোনে আনছে ‘পিউরভিউ ৮০৮’ প্রযুক্তি। নকিয়ার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জো হার্লোর বরাতে এ তথ্য জানিয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট স্ল্যাশগিয়ার।স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে সিমবিয়ান বেল অপারেটিং সিস্টেমচালিত স্মার্টফোনের ঘোষণা দিয়েছে নকিয়া। নকিয়ার এ ডিভাইসটির নাম ‘৮০৮ পিউরভিউ’। কার্ল জেইস লেন্স ও পিক্সেল ওভার-স্যাম্পলিং প্রযুক্তির এ ডিভাইসটিতে থাকছে ৪১ মেগাপিক্সেল সেন্সর। এ ছাড়া এতে ‘রিচ রেকর্ডিং’ নামের নতুন একটি ফিচারও থাকছে, যা উন্নত অডিও ধারণ করতে সক্ষম।উল্লেখ্য, মোবাইলে ক্যামেরা প্রযুক্তির ক্ষেত্রে ‘পিউরভিউ ৮০৮’এ সবচেয়ে বেশি সেন্সর ব্যবহূত হচ্ছে।উইন্ডোজ অপারেটিং সিস্টেমের নতুন সংস্করণ ‘অ্যাপোলো’ ও নতুন প্রযুক্তি ‘পিউরভিউ ৮০৮’ একসঙ্গে মিলিয়ে লুমিয়া সিরিজের ফোন হিসেবে বাজারে আসবে নকিয়ার এই উইন্ডোজ ফোন। নতুন প্রযুক্তির এ ফোন নতুন ক্রেতা তৈরি করতে পারবে বলেই ধারণা করছেন জো হার্লো। সাশ্রয়ী দামে শিগগিরই এ স্মার্টফোনটি বাজারে আসবে এমন তথ্যই জানিয়েছেন তিনি।