নকিয়ার নতুন সেট বাজারে
পূর্ণাঙ্গ কি-প্যাডসহ নকিয়ার নতুন টাচ বিজনেস স্মার্টফোন ই৬ বাংলাদেশের বাজারে পাওয়া যাচ্ছে। এটি টেকসই কাচ ও ইস্পাতে তৈরি। সিমবিয়ান অ্যানা অপারেটিংসিস্টেমে চলে নতুন এই সেটটি। এটি নকিয়ার ই৭১ ও ই৭২-এর পরবর্তী ফোন। ই৬ সম্পর্কে নকিয়া এমার্জিং এশিয়ার কান্ট্রি ম্যানেজার আবু দাউদ খান বলেন, এটি এমন মানুষদের জন্য তৈরি করা হয়েছে, যাঁরা একই সঙ্গে নিজের ব্যবসাসহ নানা ধরনের কাজ পরিপূর্ণভাবে সম্পন্ন করতে চান। ১০টি মেইলবক্স, কিছু প্রোগ্রাম ও সামাজিক যোগাযোগের সাইটে তাৎক্ষণিক হালনাগাদ করার সুবিধা থাকায় ব্যবসাক্ষেত্রের পাশাপাশি ব্যক্তিগত জীবনের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখে এই সেট। নকিয়া ই৬ ফোনটি ৬০ মিলিমিটার প্রশস্ত। এতে আছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা, দ্রুতগতির ব্রাউজার, নতুন অভি ম্যাপ ইত্যাদি। এতে আরও আছে মাইক্রোসফট বিজনেস সলিউশন, মেইল ফর এক্সচেঞ্জ এবং মোবাইল মাইক্রোসফট কমিউনিকেটর। এতে এমএস অফিস ফাইল তৈরি, পড়া ও সম্পাদনা করা যাবে। বাজারে এর দাম ৩০ হাজার ৫০০ টাকা। —বিজ্ঞপ্তি