নকিয়ার পাঁচটি বাংলা মুঠোফোন
জেলে, ছাত্রী, রংমিস্ত্রি, পোশাককর্মী, চিকিত্সক ও কৃষিজীবীরা নকিয়ার নতুন পাঁচটি মুঠোফোনে ব্যবহার করে কী কী সুবিধা পাবেন—অভিনয়ের মাধ্যমে সেটাই তুলে ধরা হলো প্রথমে। এরপর দেশের বাজারে নকিয়ার পাঁচটি নতুন ফোনসেট ছাড়ার ঘোষণা দেওয়া হলো। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রতি সম্মান জানাতে এবং বাংলায় মোবাইল টেলিযোগাযোগকে আরও সহজ করতে নকিয়া এনেছে পাঁচটি নতুন মোবাইল ফোনসেট। সেটগুলো হলো নকিয়া ১৬১৬, ২২২০, ১২৮০, ১৮০০ ও ২৬৯০। এর মধ্যে নকিয়া ২২২০ এখন বাজারে আছে। ১৬১৬ পাওয়া যাবে চলতি মাসের শেষ নাগাদ। ২৬৯০ মার্চে এবং নকিয়া ১২৮০ ও নকিয়া ১৮০০ বাজারে আসবে আগামী এপ্রিল মাসে।গতকাল রাজধানীর শিল্পকলা একাডেমীতে মোবাইল ফোনসেটগুলো বাজারে ছাড়ার ঘোষণা দেন নকিয়া এমার্জিং এশিয়ার বিপণন প্রধান নওফেল আনোয়ার। তিনি বলেন, মোবাইলপ্রযুক্তি দিয়ে ব্যবসায়িক যোগাযোগকে শক্তিশালী এবং বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলের মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে প্রযুক্তি নিয়ে যাওয়াটাই নকিয়ার মূল উদ্দেশ্য।নতুন এই সেটগুলোর দাম এক হাজার ৮৭০ থেকে শুরু করে পাঁচ হাজার টাকার মধ্যে। প্রতিটি সেটেই টর্চলাইট আছে। নকিয়া ১২৮০ সেটের দাম এক হাজার ৮৭০ টাকা। এফএম রেডিও, ক্যালেন্ডার, অ্যালার্ম, কথা বলা ঘড়িসহ ১৬১৬ সেটের দাম দুই হাজার ২৫০ টাকা। নকিয়া ১৮০০ সেটের দাম আড়াই হাজার টাকা। ইন্টারনেট ব্যবহারের সুবিধাসহ নকিয়া ২২২০ স্লাইড ও নকিয়া ২৬৯০ সেটের দাম যথাক্রমে চার হাজার ২৮০ ও চার হাজার ৯৯৫ টাকা। —নিজস্ব প্রতিবেদক