নকিয়ার লুমিয়া বাংলাদেশে
ফিনল্যান্ডের মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠান নকিয়ার লুমিয়া সিরিজের দুটি স্মার্টফোন দেশের বাজারে এসেছে। ১২ ফেব্রুয়ারি এ স্মার্টফোন দুটি আনুষ্ঠানিকভাবে দেশের বাজারে আনার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি। ১৪ ফেব্রুয়ারি থেকে লুমিয়া ৯২০ ও লুমিয়া ৮২০ স্মার্টফোন দুটি দেশের বাজারে পাওয়া যাবে। নকিয়া বাংলাদেশ ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।দেশের বাজারে লুমিয়া ৯২০ মডেলটির দাম হবে ৫২ হাজার ৫০০ টাকা আর লুমিয়া ৮২০ মডেলটির দাম হবে ৩৮ হাজার ৩০০ টাকা। নকিয়ার নতুন স্মার্টফোনের তথ্য পাওয়া যাবে https://www.facebook.com/nokiabangladesh?fref=ts লিংটিতে।নিউ ইয়র্কের একটি অনুষ্ঠানে ২০১২ সালের ৫ সেপ্টেম্বর নকিয়ার প্রধান নির্বাহী স্টিফেন ইলোপ লুমিয়া সিরিজের উইন্ডোজ নির্ভর দুটি স্মার্টফোনের ঘোষণা দিয়েছিলেন। ইলোপ জানিয়েছেন, ‘লুমিয়া ৯২০ ও লুমিয়া ৮২০ বিশ্বের সবচেয়ে উদ্ভাবনী বৈশিষ্ট্যের ফোন’। লুমিয়া ৯২০ স্মার্টফোনটিতে রয়েছে সাড়ে চার ইঞ্চি মাপের বাঁকানো এইচডি প্রযুক্তির ডিসপ্লে, ডুয়াল কোরের ১.৫ গিগাহার্টজের প্রসেসর, ১ গিগাবাইট র্যাম, নিয়ার ফিল্ড কমিউনিকেশন (এনএফসি) প্রযুক্তি, ৮ মেগাপিক্সেল পিউরিভিউ ক্যামেরা সুবিধা। শক্ত প্লাস্টিক বা পলিকার্বনেটের তৈরি লুমিয়া ৯২০ স্মার্টফোনটিতে তারবিহীন চার্জিং পদ্ধতি যুক্ত হয়েছে। এলটিই এবং এইচএসপিএ+ উভয় প্রযুক্তি সমর্থন করবে লুমিয়া ৯২০।লুমিয়া সিরিজের নতুন ৮২০ স্মার্টফোনটি ৪.৩ ইঞ্চি মাপের সমান্তরাল ওএলইডি স্ক্রিনের সঙ্গে রয়েছে ডুয়াল কোরের প্রসেসর, ১ গিগাবাইট র্যাম, এনএফসি ও তারবিহীন চার্জিং পদ্ধতি। লুমিয়া ৮২০ এ রয়েছে কার্ল জেইস লেন্স ভিত্তিক ৮ মেগাপিক্সেলের ক্যামেরা। এছাড়া ভয়েস চ্যাটের জন্য সামনের দিকে রয়েছে ভিজিএ ক্যামেরা। ৮ গিগাবাইট মেমোরির পাশাপাশি রয়েছে মাইক্রোএসডি কার্ড ব্যবহারের সুবিধা এবং ৭ গিগাবাইট স্কাই ড্রাইভ স্পেস।