নকিয়ার শেষ হিসাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নকিয়ার ট্যাবলেট
নকিয়ার ট্যাবলেট

ফিনল্যান্ডের মুঠোফোন নির্মাতা প্রতিষ্ঠান নকিয়া পর পর কয়েক প্রান্তিকে লোকসানের পর এবছরের তৃতীয় প্রান্তিক অর্থাত্ জুলাই থেকে সেপ্টেম্বর-এ তিন মাসের হিসাবে লাভের ধারায় ফিরেছে। মাইক্রোসফটের অধীনে যাওয়ার আগে এটাই ছিল সম্ভবত নকিয়া ঘোষিত সর্বশেষ প্রান্তিক আর্থিক হিসাব-নিকাশ।
সম্প্রতি নকিয়া ঘোষিত প্রান্তিক আয়ের হিসাবে দেখানো হয়েছে দ্বিতীয় প্রান্তিকের তুলনায় তৃতীয় প্রান্তিকে ৪ শতাংশ বেশি স্মার্টফোন বিক্রি করেছে নকিয়া। নকিয়ার দাবি, তৃতীয় প্রান্তিকে তাঁদের লুমিয়া সিরিজের স্মার্টফোনগুলোর কদর বেড়েছে।
নকিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, তৃতীয় প্রান্তিকে ৫ কোটি ৫৮ লাখ ইউনিট মুঠোফোন বিক্রি করেছে তারা। তৃতীয় প্রান্তিকে নকিয়ার বিক্রি করা মোট মুঠোফোনের মধ্যে ৮৮ লাখ ইউনিট লুমিয়া সিরিজের স্মার্টফোন বিক্রি হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে সাশ্রয়ী দামের উইন্ডোজ ফোন লুমিয়া ৫২০ মডেলটি।
তৃতীয় প্রান্তিকে নকিয়ার প্রতিটি ইউনিটের স্মার্টফোনের গড় দামের ক্ষেত্রে অবশ্য পতন ঘটেছে। ২১২ মার্কিন ডলার থেকে পণ্যের দাম নেমে এসেছে ১৯৬ মার্কিন ডলারে । স্মার্টফোনের বাজারে প্রতিযোগিতা বেড়ে যাওয়ার ফলে পণ্যের গড় দামে পরিবর্তন এসেছে বলে মনে করছেন মার্কিন বাজার বিশ্লেষকেরা।
এদিকে বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান অ্যাডডুপ্লেক্স জানিয়েছে, চলতি বছরের সেপ্টেম্বর মাসে বাজারে যত উইন্ডোজ অপারেটিং সিস্টেমনির্ভর স্মার্টফোন বিক্রি হয়েছে তার ৯০ শতাংশই নকিয়ার তৈরি। বাজারে উইন্ডোজ ফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন মডেলের তুলনায় নকিয়ার উইন্ডোজনির্ভর লুমিয়া সিরিজের স্মার্টফোন সবচেয়ে বেশি বিক্রি হয়েছে। বর্তমানে নকিয়ার পাশাপাশি বাজারে উইন্ডোজনির্ভর প্ল্যাটফর্মে স্মার্টফোন তৈরি করছে এইচটিসি, স্যামসাং ও হুয়াউয়ে। ২০১৩ সালে এইচটিসি, স্যামসাং ও হুয়াউয়ে নিজস্ব ব্র্যান্ডের কয়েকটি উইন্ডোজ ফোন বাজারে আনলেও নকিয়া ৮ টি উইন্ডোজ ফোন বাজারে এনেছে।

প্রসঙ্গত, ফিনল্যান্ডের মুঠোফোন নির্মাতা প্রতিষ্ঠান নকিয়ার মুঠোফোন বিভাগ কিনে নিতে রাজি হয়েছে বিশ্বের বৃহত্তম সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট। ২০১৪ সালের প্রথমার্ধে এ চুক্তি হবে। এরপর বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা নকিয়ার প্রায় ৩২ হাজার কর্মী মাইক্রোসফটে যোগ দেবেন।

এদিকে, আবুধাবিতে ২২ অক্টোবর অনুষ্ঠিত ‘নকিয়া ওয়ার্ল্ড’ নামে বড় আকারের একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল নকিয়া। মাইক্রোসফটের কাছে হার্ডওয়্যার ইউনিটটি বিক্রি করে দেওয়ার আগে এটাই সবচেয়ে বড় ধরনের কোনো আয়োজন ছিল ফিনল্যান্ডের মুঠোফোন নির্মাতা প্রতিষ্ঠানটির।

এ অনুষ্ঠানে ফিনল্যান্ডের মুঠোফোন নির্মাতা প্রতিষ্ঠান প্রথমবারের মতো বড় মাপের স্মার্টফোন বা ফ্যাবলেট এবং ট্যাবলেট কম্পিউটার বাজারে আনার ঘোষণা দিয়েছে। নকিয়া ফ্যাবলেটে যুক্ত হচ্ছে বিশেষ ক্যামেরা-সুবিধা, যাতে ছবি তোলার পরে ফোকাস ঠিক করে নেওয়া যাবে আর ট্যাবলেটে থাকছে ফোরজি ডাটা চিপ। নকিয়া ফ্যাবলেট চলবে উইন্ডোজ ফোন অপারেটিং সিস্টেমে আর ট্যাবলেট চলবে উইন্ডোজ আরটি সংস্করণে। লুমিয়া ১৫২০ ও লুমিয়া ১৩২০ নামে দুটি ছয় ইঞ্চি মাপের ফ্যাবলেট বা বড় মাপের স্মার্টফোন বাজারে আনার ঘোষণা দিয়েছে নকিয়া। এ ছাড়াও লুমিয়া ২৫২০ নামে একটি উইন্ডোজ আরটি অপারেটিং সিস্টেমনির্ভর ট্যাবলেট বাজারে আনার ঘোষণা দিয়েছে নকিয়া।

লুমিয়া ২৫২০ মডেলের ট্যাবলেটটি হবে ১০ ইঞ্চি মাপের, যাতে ১০৮০ পিক্সেল এইচডি ডিসপ্লে ও গোরিলা গ্লাস ২ সুরক্ষা থাকবে। ট্যাবলেটের পেছনে জেইস লেন্সযুক্ত ছয় দশমিক সাত মেগাপিক্সেলের ক্যামেরা ও সামনে ২ মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে। ২.২ গিগাহার্টজের কোয়াড কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮০০ প্রসেসর, দুই গিগাবাইট র্যাম, ৩২ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ ছাড়াও এ ট্যাবলেটে ৩২ গিগাবাইট পর্যন্ত মাইক্রোএসডি কার্ড সমর্থন করে। ফোরজি সুবিধার এ ট্যাবটি চারটি রঙে বাজারে আসবে চলতি বছরের শেষদিকে। এর দাম হবে ৪৯৯ মার্কিন ডলার।

ছয় ইঞ্চি স্ক্রিনযুক্ত লুমিয়া ১৫২০ ও ১৩২০ ফ্যাবলেট দুটির দাম হবে যথাক্রমে ৭৪৯ মার্কিন ডলার ও ৩৩৯ মার্কিন ডলার।

লুমিয়া ১৫২০ মডেলটিতে থাকবে ফুল এইচডি ডিসপ্লে, ২.২ গিগাহার্টজের কোয়াড কোর প্রসেসর, ২০ মেগাপিক্সেল পিউরভিও ক্যামেরা, দুই গিগাবাইট র্যাম।

লুমিয়া ১৩২০ মডেলটিতে  থাকবে ৭২০পিক্সেলের ডিসপ্লে। ডুয়াল-কোর ক্রেইট প্রসেসর, এক গিগাবাইট র্যাম, ৮গিগাবাইট ইন্টারনাল মেমোরি ও মাইক্রোএসডি সমর্থন সুবিধার এ ফ্যাবলেটটির পেছনে ৫ মেগাপিক্সেল ও সামনে ভিজিএ ক্যামেরা রয়েছে। 

নকিয়া আশা করছে, বাজারে বড় মাপের স্মার্টফোন গ্যালাক্সি নোট ৩, এইচটিসি ওয়ান ম্যাক্স, সনি এক্সপেরিয়া জেড আলট্রা, গ্যালাক্সি মেগা ও হুয়াউয়ে অ্যাসান্ড মেট প্রভৃতি স্মার্টফোনগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে নকিয়ার নতুন দুই ফ্যাবলেট।