নকিয়ার স্মার্টফোনে ১৮০টি দেশের মানচিত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নকিয়া স্মার্টফোনের জন্য বিনা মূল্যে অভি ম্যাপস প্রকাশের পরিকল্পনার কথা ঘোষণা করেছে। এতে থাকবে ভৌগোলিক অবস্থান বের করার (নেভিগেশন) সুবিধা। এ জন্য বাড়তি কোনো খরচ হবে না। www.nokia.com/maps ঠিকানার ওয়েবসাইট থেকে নতুন এই অভি ম্যাপ নামানো যাবে। অভি ম্যাপস বিশ্বের ১৮০টিরও বেশি দেশের জন্য দিকনির্দেশনামূলক মানচিত্র দেবে। ৭৪টি দেশের জন্য ৪৬টি ভাষায় গাড়িচালক ও পথচারীদের দিকনির্দেশনাসুবিধা দেবে অভি ম্যাপস। এ ছাড়া বিশ্বের ২০০ শহরে ছয় হাজার বিশেষ দ্রষ্টব্য স্থানের ত্রিমাত্রিক ছবির দিকনির্দেশনা থাকছে অভি ম্যাপসে। এতে আরও পাওয়া যাবে লোনলি প্লানেট এবং মিশেলিন গাইডের তৈরি বিশ্বের এক হাজারটি বিশেষ গন্তব্য সম্পর্কিত তথ্য এবং ভ্রমণ গাইড। খবর বিজ্ঞপ্তির।এ প্রসঙ্গে নকিয়ার নির্বাহী ভাইস প্রেসিডেন্ট আনসি ভ্যানজোকি বলেন, বিশ্বব্যাপী নকিয়া গাড়ির চালক ও পথচারীদের জন্য মোবাইল নেভিগেশন-সুবিধা প্রদান করছে। কয়েক দিনের জন্য সফরে গিয়ে বিভিন্ন দেশ বা অঞ্চলের জন্য আলাদা মানচিত্র কিনতে হবে না। নকিয়া নেভিগেশন ও মানচিত্র দুটোই বিনা মূল্যে দিচ্ছে, যা এ সময়ের গ্রাহকেরা প্রত্যাশা করে। নকিয়ার ১০টি মোবাইলফোনে তাত্ক্ষণিকভাবে অভি ম্যাপস নামানোর ব্যবস্থা থাকছে। এসব সেট হলো—নকিয়া এন৯৭ মিনি, ৫৮০০ এক্সপ্রেস মিউজিক, ৫৮০০ নেভিগেশন, ই৫২, ই৫৫, ই৭২, ৫২৩০, ৬৭১০ নেভিগেটর, ৬৭৩০ ক্লাসিক এবং এক্স৬। আগামী মার্চে থেকে নকিয়া জিপিএস স্মার্টফোনে স্থানীয় মানচিত্র তথ্য ও ড্রাইভ নেভিগেশন-সুবিধাসহ অভি মানচিত্রের নতুন সংস্করণ প্রকাশ করা হবে।