নকিয়ায় আবহাওয়া, শেয়ারবাজার ও পরীক্ষার ফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বখ্যাত মোবাইল সেট প্রস্তুতকারী প্রতিষ্ঠান নকিয়া বাংলাদেশে মোবাইল ফোন ব্যবহারকারীদের জন্য নতুন তিনটি অ্যাপ্লিকেশন চালু করেছে। এ তিনটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে মোবাইল ফোন ব্যবহারকারীরা প্রতিদিনের আবহাওয়ার পূর্বাভাস, এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফল, শেয়ারবাজারের সংবাদ নিজেদের নকিয়া মোবাইল ফোনের মাধ্যমে খুব সহজেই পেয়ে যাবেন। আজ ঢাকার আগারগাঁওয়ে আবহাওয়া অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ তিনটি অ্যাপ্লিকেশনের উদ্বোধন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর একান্ত সচিব ও ‘সাপোর্ট টু ডিজিটাল বাংলাদেশ’ প্রকল্পের পরিচালক এম নজরুল ইসলাম খান। বিশেষ অতিথি ছিলেন নকিয়া ইমার্জিং এশিয়ার কান্ট্রি ম্যানেজার আবু দাউদ খান।বাংলাদেশের তরুণ উদ্যোক্তাদের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান মাল্টিমিডিয়া কনটেন্ট অ্যান্ড কমিউনিকেশনস (এমসিসি) এই তিনটি অ্যাপ্লিকেশন তৈরি করেছে। নকিয়া তাদের কাছ থেকে আউটসোর্সিংয়ের মাধ্যমে এ তিনটি অ্যাপ্লিকেশন কিনে নিয়েছে বলে অনুষ্ঠানে জানানো হয়।অনুষ্ঠানে আবু দাউদ খান বলেন, মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে অল্প খরচে অনেক বেশি সংখ্যক লোকের কাছে তথ্য পৌঁছানো যায়। তিনি বলেন, প্রাথমিকভাবে মোবাইল অ্যাপ্লিকেশনগুলো একটু দামি সেটের জন্য তৈরি হলেও নকিয়া ধীরে ধীরে এটি সহজলভ্য করে তুলছে। নকিয়ার উদ্দেশ্যই হচ্ছে যেকোনো কিছুকে সাধারণ মানুষের কাছে নিয়ে আসা।দাউদ খান আরও বলেন, নকিয়া সব সময় যে দেশে ব্যবসা করে সে দেশের উপযোগী করে অ্যাপ্লিকেশন তৈরি করে। আবহাওয়া, শেয়ারবাজার ও বোর্ড পরীক্ষার ফলাফল জানার এ তিনটি অ্যাপ্লিকেশন তারই অংশ। তিনি বলেন, এ তিনটি অ্যাপ্লিকেশন তৈরি করেছে বাংলাদেশের ছেলেমেয়েরা। সেদিন খুব দূরে নেই যখন বাংলাদেশে আইটি অ্যাপ্লিকেশন তৈরির এ শিল্পটি কুটির শিল্পে পরিণত হবে। দাউদ খান বলেন, নকিয়া বাংলাদেশে আরও অনেক অ্যাপ্লিকেশন ডেভেলপার তৈরির কর্মসূচি হাতে নিয়েছে।প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর একান্ত সচিব ও সাপোর্ট টু ডিজিটাল বাংলাদেশ প্রকল্পের পরিচালক এম নজরুল ইসলাম খান বলেন, সরকার দেশের মানুষের হাতের মুঠোয় তথ্যসেবা পৌঁছে দেওয়ার ব্যাপারে অঙ্গীকারবদ্ধ। তিনি বলেন, দেশের পৌনে আট কোটি মোবাইল গ্রাহকের কাছে এসব অ্যাপ্লিকেশনের মাধ্যমেই সহজে তথ্যসেবা পৌঁছে দেওয়া সম্ভব। তিনি আশা প্রকাশ করেন, কেবল আউটসোর্সিং থেকেই আগামী দুই বছরে বাংলাদেশ ২০০ কোটি টাকার বৈদেশিক মুদ্রা অর্জন করবে। তিনি সরকারের অন্য মন্ত্রণালয়গুলোকেও মোবাইল অ্যাপ্লিকেশনের আওতায় নিয়ে আসার ওপর গুরুত্বারোপ করেন।নজরুল ইসলাম খান বলেন, সরকার দেশে ইন্টারনেট খরচকে ৫০ থেকে ১০০ টাকার মধ্যে নিয়ে আসার চেষ্টা করছে। ইতিমধ্যেই ব্যান্ডউইথের দাম ২৭ হাজার টাকা থেকে কমিয়ে ১০ হাজার টাকায় আনা হয়েছে। ‘ওয়েদার নাও’, ‘স্টক অ্যাসিস্ট’ ও ‘স্কোরবোর্ড’ নামের এ তিনটি মোবাইল অ্যাপ্লিকেশনের বিভিন্ন দিক তুলে ধরেন এমসিসির অন্যতম ডেভেলপার জাকি হায়দার। ওয়েদার নাও অ্যাপ্লিকেশনটির মাধ্যমে নকিয়া ব্যবহারকারীরা বাংলাদেশের আটটি প্রধান শহরের প্রতিমুহূর্তের আবহাওয়ার পূর্বাভাস পাবেন। এই অ্যাপ্লিকেশনটির তথ্য সরবরাহে রয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। দেশের বিভিন্ন শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত পরীক্ষাগুলোর ফলাফল মানুষকে জানানোর জন্য তৈরি হয়েছে ‘স্কোরবোর্ড’ ও দৈনন্দিন শেয়ারবাজারের বিভিন্ন তথ্যের সমন্বয়ে তৈরি হয়েছে ‘স্টক অ্যাসিস্ট’ অ্যাপ্লিকেশনটি।