নগদ অর্থের দিন কি ফুরিয়েছে?

আধুনিক জীবনযাত্রায় কেনাকাটাসহ অন্যান্য আর্থিক লেনদেনে নগদ অর্থের ব্যবহার ক্রমশ কমে আসছে। বাড়ছে প্রযুক্তির ব্যবহার। যুক্তরাজ্যে এখন প্রতি পাঁচজনে একজন কদাচিৎ নগদ অর্থ বহন করে।তাই বিশেষজ্ঞরা বলছেন, কাগুজে নোট ও ধাতব মুদ্রা (কয়েন) ব্যবহারের দিন বুঝি এবার শেষই হতে চলেছে।
নগদ অর্থবিহীন লেনদেনের ধারা প্রচলনের ক্ষেত্রে একজন পথিকৃৎ হিসেবে উল্লেখ করা যেতে পারে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের সুড়ঙ্গপথের সাবেক গাড়িচালক ও বর্তমানে সংবাদপত্র বিক্রেতা সাইমন মটের নাম। তিনি বিগ ইস্যু সাময়িকীটি বিক্রি করেন নগদ অর্থ ছাড়াই। এ জন্য ক্রেতারা কার্ডের মাধ্যমে আড়াই ব্রিটিশ পাউন্ড দাম পরিশোধ করেন। মট বুঝতে পেরেছিলেন, তাঁর চারপাশের সমাজ ক্রমশ নগদ অর্থবিহীন ব্যবস্থার দিকে যাচ্ছে। আর তিনি অনেক ক্রেতা হারাচ্ছেন। কারণ, সাময়িকী কেনার ইচ্ছা থাকলেও তাঁরা বিরত থাকছেন শুধু খুচরা বা নগদ অর্থ ফেরত নেওয়ার ঝামেলা এড়ানোর কথা চিন্তা করে।
সমস্যাটি দূর করতে সুইডেনের প্রতিষ্ঠান আইজেটের কাছ থেকে একধরনের ছোট ও বহনযোগ্য কার্ডের মাধ্যমে মূল্য পরিশোধব্যবস্থা চালু করার জন্য বিনিয়োগ করেন মট। অর্থ লেনদেনের এই আধুনিক প্রযুক্তিটি স্মার্টফোননির্ভর। এভাবেই তিনি ফিরিয়ে আনতে সমর্থ হন সেই হারিয়ে যেতে থাকা ক্রেতাদের। ফলে পরিবর্তন রীতিমতো আশাব্যঞ্জক। আগে তিনি যেখানে ৫ থেকে ১০টি সাময়িকী বিক্রি করতেন, এখন সেখানে বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০টি।
কাগুজে নোটের স্থান নিয়ে নিচ্ছে ডেবিট ও ক্রেডিট কার্ড এবং নোটবিহীন অন্যান্য বিনিময়ব্যবস্থা। কোনো রেস্তোরাঁ বা দোকান যদি কার্ড গ্রহণ না করে, তাদের ব্যবসা পড়তির দিকে যেতে থাকে।
যুক্তরাজ্যে চলতি মাসে প্রকাশিত এক জরিপের ফলাফল অনুযায়ী, খুচরা কেনাকাটায় তিন-চতুর্থাংশ লেনদেন হচ্ছে প্লাস্টিকের কার্ডের মাধ্যমে। ১০ বছর আগেও এই হার ছিল ৫০ শতাংশ। এই পরিবর্তনে অগ্রণী ভূমিকা পালন করছে লন্ডন। সেখানে সরাসরি বা মুখোমুখি যোগাযোগ ছাড়াই সম্পন্ন হচ্ছে বিপুল অঙ্কের লেনদেন। নোটবিহীন অর্থ বিনিময়ের প্রযুক্তি মানুষকে দিচ্ছে অনেক ঝঞ্ঝাট ও নিরাপত্তাহীনতার দুশ্চিন্তা থেকে মুক্তি। এসব প্রযুক্তি দিনে দিনে আরও উন্নত হচ্ছে। আর পাসওয়ার্ডের পরিবর্তে আঙুলের ছাপ বা বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির ব্যবহার চালু হলে এই ব্যবস্থায় যোগ হবে বাড়তি নিরাপত্তা।
এমন দিন খুব দূরে নেই, যখন বাসের ভাড়া দিতেও আর নগদ অর্থের প্রয়োজন হবে না। গবেষণায় দেখা যাচ্ছে, যুক্তরাজ্যে ৭১ শতাংশ মানুষ পকেটে ২০ পাউন্ডের চেয়েও কম পরিমাণ নগদ অর্থ বহন করে। ওয়েস্ট সাসেক্সের বাসিন্দা ইসাবেল ওয়েইন-স্মিথ বলেন, ‘আমি নগদ অর্থ একেবারেই বহন করি না। কারণ, আমি চাই না ব্যাগটা ভারী হয়ে থাকুক। বহু বছর আগেই নোট ব্যবহার বন্ধ করে দিয়েছি। এমনকি অল্প অর্থের লেনদেনেও আমি ডেবিট কার্ড ব্যবহার করতে স্বাচ্ছন্দ৵ বোধ করি।’
সূত্র: সানডে এক্সপ্রেস৷