
মেলা প্রাঙ্গণে ঢুকতেই কানে ভেসে আসছিল বাউল গানের সুর। একটু সামনে এগোতেই ঢাকাই জামদানি আর কাপড়ের পসরা সাজানো। পাশেই রাখা হাতপাখা ও কাঠের পুতুল, পালকি, মুখোশসহ আরও কত কী।
বলছিলাম ফ্যাশন হাউস যাত্রা আয়োজিত সাতকাহন রঙ্গিলা মেলার কথা। ১০ থেকে ১৪ এপ্রিল যাত্রার ঢাকার ধানমন্ডি শাখায় এই মেলার আয়োজন করা হয়।
এটি চলে সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত আর প্রতিদিন বিকেলে বসে গানের আসর। মেলার উদ্বোধনী দিনে দর্শক মাতাতে সেখানে উপস্থিত ছিলেন রব ফকির ও সাধনা, দ্বিতীয় দিন আনুশেহ ও বাহক, তৃতীয় দিন সায়ান, চতুর্থ দিন জলের গান ও পঞ্চম অর্থাৎ পয়লা বৈশাখের দিন কাঙ্গালিনী সুফিয়া ও আসর। বাংলাদেশের সাতটি বিভাগের বিখ্যাত ও পরিচিত ফুল, পাতা, পাখি, লোককাহিনি ও ঢাকা বিভাগের কারুশিল্প এবারের মেলার মূল বিষয় ছিল বলে জানালেন আয়োজকেরা। মেলায় কাপড়চোপড়, সাজসরঞ্জাম, ঘর সাজানোর জিনিস থেকে শুরু করে ছিল দেশি উপাদানের ব্যবহারে হাতে তৈরি নানা সামগ্রী। বিক্রির পাশাপাশি সেখানেই এক কোনায় বসে কেউ বানাচ্ছিলেন কাপড়ের ক্লিপ, কেউ হয়তো রং করছিলেন মাটির আয়নায়। হারিয়ে যাওয়া লোককাহিনি বন বিবি, গুনাই বিবির সংক্ষিপ্ত পরিচিতি লেখা কাগজও ঝুলছিল মেলার বিভিন্ন স্টলের সামনে। পাঞ্জাবি কিনে সঙ্গে সঙ্গেই ব্লকপ্রিন্ট করিয়ে নেওয়ার সুযোগ ছিল। প্রচণ্ড গরমে একটু গলা ভেজানোর জন্য ছিল হিম হিম শরবতের ব্যবস্থা। সব মিলিয়ে নগরে চমৎকার এক বৈশাখী মেলার আবহ তৈরি হয়েছিল সেখানে।