নগরের শিশুদের সাঁতার শিখতে যত বাধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোনারগাঁও হোটেলের সুইমিং পুলে সাঁতার কাটছে শিশুরা ষ ছবি: সৈকত ভদ্র
সোনারগাঁও হোটেলের সুইমিং পুলে সাঁতার কাটছে শিশুরা ষ ছবি: সৈকত ভদ্র

তিন দিনে দেশের বিভিন্ন স্থানে পানিতে ডুবে ১৫ শিশুর মৃত্যু! খবরটি ২০১১ সালের ৩ সেপ্টেম্বর প্রথম আলোয় ছাপা হয়েছিল। শুধু তিন দিনে পানিতে ডুবে শিশুমৃত্যুর একটি সংখ্যা এই প্রতিবেদনে পাওয়া যাচ্ছে। বর্তমানে বাংলাদেশে প্রতিদিনই শিশু মারা যাচ্ছে পানিতে ডুবে, যাদের বেশির ভাগই মারা যাচ্ছে সাঁতার না জানার কারণে। ঢাকাসহ অন্যান্য শহরের শিশুরাও এই ঝুঁকির মধ্যে রয়েছে। বিশেষ করে, ডোবাসংলগ্ন বস্তির পাশে বসবাসরত পরিবারের শিশুরা এবং ঈদে, পূজা-পার্বণে বা অন্যান্য ছুটিতে বাবা-মায়েদের সঙ্গে দেশের বাড়িতে বা জলাশয় আছে এমন স্থানে বেড়াতে যাওয়া শিশুরা পানিতে ডুবে মারা যাওয়ার মারাত্মক ঝুঁকিতে রয়েছে।শিশুদের পানিতে ডুবে মারা যাওয়া-সংক্রান্ত সংবাদপত্রের বেশির ভাগ প্রতিবেদন পর্যালোচনা করে দেখা গেছে, ঢাকা শহরের শিশুরা সাঁতার না-জানার কারণে গ্রামের বাড়িতে বা বিভিন্ন পর্যটনস্থলে বেড়াতে গিয়ে পানিতে ডুবে মারা যায়। বর্ষাকালে এ হার অনেক বেড়ে যায়।জাতিসংঘ শিশু তহবিলের (ইউনিসেফ) শিশু সুরক্ষা বিভাগের প্রকল্প কর্মকর্তা সৈয়দ ইমতিয়াজ আহমেদ প্রথম আলোকে বলেন, শিশুরা বেশির ভাগ ক্ষেত্রেই পানি বা আগুন দেখে আগ্রহী হয়। আর সেখান থেকেই বিপদের শুরু। তিনি জানান, ঢাকা শহরের অনেক বস্তি নদী কিংবা ডোবার পাশে অবস্থিত। সেখানে অনেক বাবা-মা পানিতে নেমে দৈনন্দিন কাজ করেন। এ সময় সেখানে শিশুরাও নামে। বাবা-মায়েরা কাজে ব্যস্ত থাকার কারণে খোঁজ নিতে পারেন না শিশুটি কী করছে। এখানে অসাবধানতাবশত শিশু পানিতে ডুবে মারা যেতে পারে। আবার ঢাকার অনেক বাসিন্দাই ঢাকার স্থায়ী নন। ছুটিতে গ্রামের বাড়িতে বেড়াতে গেলে শিশুকে নিয়ন্ত্রণে রাখতে ভুলে যান। এতেও শিশুরা আগ্রহী হয়ে পানিতে নামে, যার পরিণাম হয় মৃত্যু। সাঁতার না-জানার কারণেই মূলত ঢাকার শিশুরা পানিতে বেশি ডুবে মারা যায়।সৈয়দ ইমতিয়াজ আহমেদ আরও বলেন, অন্যান্য মৃত্যুর মতো পানিতে ডুবে মৃত্যুর খবর গণমাধ্যমে কম আসে। এ ছাড়া সরকারও এ নিয়ে আগ্রহী কম বলে এ মৃত্যু তেমন গুরুত্ব পায় না। অথচ ইউনিসেফ পরিচালিত একটি জরিপ বলেছে, প্রতিদিন গড়ে ৫০টি শিশু পানিতে ডুবে মারা যায়।

ঢাকা শহরের শিশুদের পানিতে ডুবে মারা যাওয়া থেকে রক্ষা করা যেত, যদি তারা সাঁতার শিখতে পারত! কিন্তু এখানেই যত সমস্যা। শিশুরা সাঁতার শিখবে কীভাবে? সাঁতার শিখতে ঢাকায় আছে পদে পদে সমস্যা।

ইমতিয়াজ আহমেদ বলেন, ঢাকা শহরে অনেক বাবা-মা নিজেরাই জানেন না তাঁদের শিশুরা পানিতে ডুবে মারা যাওয়ার ঝুঁকিতে রয়েছে। তাই তাঁরা শিশুকে সাঁতার শেখানোর প্রয়োজন মনে করে না। উচ্চবিত্তসহ সব শ্রেণী-পেশার মানুষের মধ্যে এই প্রবণতার কারণে শিশুদের সাঁতার শেখা হয় না।ঢাকার শিশুদের সাঁতার শিখতে না পারার বড় আরেকটি কারণ হচ্ছে, নদীগুলো দখল হয়ে গেছে এবং পরিষ্কার জলাশয়ের অভাব।এ ছাড়া শিশুদের সাঁতার শিখতে বড় বাধা হচ্ছে, সরকারি পৃষ্ঠপোষকতার অভাব। সরকারি ব্যবস্থাপনায় সাঁতার শেখার সুযোগ-সুবিধা তেমন না থাকায় ঢাকার শিশুরা সাঁতার না শিখেই বড় হয়। ঢাকায় সাঁতার শেখার যে কয়েকটি স্থান আছে, তা অনেক ব্যয়বহুল হওয়ায় মধ্যবিত্ত বা নিম্নবিত্ত ব্যক্তিরা এসব স্থানে শিশুদের সাঁতার শেখানোর কথা চিন্তাও করেন না।

ঢাকার গ্রিন রোডের বাসিন্দা সাব্বির হোসেন জানান, ঢাকায় সাঁতার শেখার যেসব স্থান রয়েছে, সেখানে বাণিজ্যিকভাবে সাঁতার শেখানো হয়। অত্যন্ত ব্যয়বহুল হওয়ার কারণে তিনি তাঁর সন্তানদের সাঁতার শেখাতে পারেন না। আবার ভালো কোনো পরিষ্কার পুকুরও নেই, যেখানে শিশুকে সাঁতার শেখাবেন। এভাবে তাঁর মতো অনেকেই এই সমস্যার কারণে শিশুদের সাঁতার শেখাতে পারেন না।দিনক্ষণ গুনে দেখা যাচ্ছে, এবার ঈদুল ফিতর হবে বর্ষাকালে। তাই ঢাকা থেকে গ্রামের বাড়িতে ঈদের ছুটি নিরাপদে কাটাতে আপনার শিশুকে সাঁতার শেখান এখনই।