নজরদারি রুখতে সফটওয়্যার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি নজরদারি রুখতে এবার নতুন এক স্পাই সফটওয়্যার চালু করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সম্প্রতি এই সফটওয়্যারের ব্যাপারে জানিয়েছে প্রতিষ্ঠানটি। বিশেষ করে সরকারি নজরদারি, রাজনৈতিক মতভেদের মতো বিষয়গুলোকে দেখতেই এমন সফটওয়্যার তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে। সফটওয়্যারের বিষয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের পক্ষ থেকে জানানো হয়েছে, অনেক দেশের সরকারই বিভিন্ন ধরনের গোপন স্পাইযুক্ত টুলস ব্যবহার করে সাধারণ মানুষের অজান্তেই তাদের ছবি কিংবা কথাবার্তা ইত্যাদি নজরদারি করে। তবে এ সফটওয়্যারটি ভাইরাস মোকাবিলা করতেও সক্ষম।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মানবাধিকার ও তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা তানইয়া ও’ক্যারোল বলেন, এই স্পাইং টুলসটি নানাভাবে পরীক্ষিত। তাই এটি ব্যবহারে সাধারণ ব্যবহারকারীদের কম্পিউটারের কোনো ক্ষতি হবে না। ‘ডেটেকট’ নামের এই সফটওয়্যার তৈরি করার ক্ষেত্রে অ্যামনেস্টি ইলেকট্রনিক ফ্রন্টিয়ার ফাউন্ডেশন, প্রাইভেসি ইন্টারন্যাশনাল ও ডিজিটালি গ্যাসেলস্ক্যাপ্টের সহায়তা নিয়েছে। এ ছাড়া সফটওয়্যার চাইলে বিনা মূল্যেই ব্যবহার করা যাবে। প্রাথমিকভাবে প্রথম দফায় সফটওয়্যারটি শুধু উইন্ডোজ অপারেটিং সিস্টেম-চালিত কম্পিউটারে ব্যবহার করা যাবে।
সাধারণ মানুষের ব্যক্তিগত বিষয়গুলো সরকারের নজরদারির বিষয়ে বিশ্বের বিভিন্ন দেশেই রয়েছে নানা সমালোচনা। আর সরকারের এমন উদ্যোগগুলো বাদ দিতে নানা সময়ে প্রতিবাদও করে আসছিল নানা সংগঠন। তবে বিষয়টিকে এবার উল্টোভাবে প্রতিহত করতেই এমন স্পাইং সফটওয়্যার তৈরি করা হয়েছে, যা উল্টো সরকার যে নজরদারি করছে সেটিকেই ধরতে পারবে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের এ উদ্যোগক স্বাগত জানিয়েছেন অনেকেই।—বিবিসি অবলম্বনে কাজী আলম