নটর ডেম ছাড়া অন্য শিক্ষাপ্রতিষ্ঠানে নীতিমালা অনুযায়ী ভর্তিতে বাধা কাটল
চলতি শিক্ষাবর্ষে ঢাকার নটর ডেম কলেজ ছাড়া অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানে নীতিমালা অনুযায়ী কোনো বাছাই বা ভর্তি পরীক্ষা ছাড়াই একাদশ শ্রেণীতে ভর্তি করা যাবে।
আজ সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের ভর্তিবিষয়ক নীতিমালার কার্যক্রম স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ সংশোধন করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
ওই স্থগিতাদেশ শুধু নটর ডেম কলেজের ক্ষেত্রে প্রযোজ্য হবে উল্লেখ করে রাষ্ট্রপক্ষের করা আবেদন নিষ্পত্তি করেছেন আদালত। এতে কলেজটি ছাড়া অন্য সব শিক্ষাপ্রতিষ্ঠানে নীতিমালা অনুযায়ী ভর্তির প্রক্রিয়া সম্পন্ন করতে আইনগত কোনো বাধা নেই বলে সংশ্লিষ্টরা জানিয়েছিলেন।
আজ সোমবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে পাঁচ বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে আদালত বিচারপতি এম মোয়াজ্জাম হোসেনের নেতৃত্বাধীন বেঞ্চে চার সপ্তাহের মধ্যে এ-সংক্রান্ত রুল নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছেন।
গত ১৬ মে শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা নীতিমালা অনুযায়ী একাদশ শ্রেণীর ভর্তিতে কোনো বাছাই বা ভর্তি পরীক্ষা নেওয়া যাবে না। কেবল শিক্ষার্থীর এসএসসি বা সমমান পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ভর্তি করা হবে। কিন্তু নটর ডেম কলেজ কর্তৃপক্ষ পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করতে ওই নীতিমালা চ্যালেঞ্জ করে গত ৩০ মে রিট আবেদনটি করে।
ওই রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ২ জুন হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ রুল জারির পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয়ের ওই নীতিমালার কার্যক্রমে ছয় মাসের জন্য স্থগিতাদেশ দেন।
রুলে শিক্ষা মন্ত্রণালয়ের ভর্তিবিষয়ক ওই নীতিমালা কেন বেআইনি ও অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে। শিক্ষাসচিব, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও কলেজ পরিদর্শককে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়।
পরে হাইকোর্টের দেওয়া আদেশে স্থগিতাদেশ চেয়ে রাষ্ট্রপক্ষ চেম্বার বিচারপতির কাছে আবেদন করে। এর পরিপ্রেক্ষিতে ৫ জুন চেম্বার বিচারপতি হাইকোর্টের দেওয়া আদেশে স্থগিতাদেশ না দিয়ে বিষয়টি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন।
এরই ধারাবাহিকতায় আজ সকালে শুনানি হয়। আদালত রাষ্ট্রপক্ষের আবেদন নিষ্পত্তি করে ওই আদেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক। নটর ডেম কলেজের পক্ষে ছিলেন আইনজীবী এম জহির। তাঁকে সহায়তা করেছেন আইনজীবী মইন গণি।
পরে একরামুল হক প্রথম আলো ডটকমকে বলেন, ১৬ মে শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা ভর্তিবিষয়ক নীতিমালার ওপর স্থগিতাদেশ শুধু নটর ডেম কলেজের ক্ষেত্রে প্রযোজ্য হবে। ফলে এ কলেজটি ছাড়া অন্য সব শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির কার্যক্রম সম্পন্ন করতে আইনগত কোনো বাধা নেই।
মইন গণি প্রথম আলো ডটকমকে বলেন, হাইকোর্ট শিক্ষা মন্ত্রণালয়ের ওই নীতিমালার কার্যক্রম স্থগিত করে দিয়েছিলেন। আপিল বিভাগ তা সংশোধন করে স্থগিতাদেশ শুধু নটর ডেম কলেজের ক্ষেত্রে প্রযোজ্য বলে আবেদনটি নিষ্পত্তি করেছেন।