নতুন অপারেটিং সিস্টেম তৈরি করবে স্যামসাং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন মোবাইল অপারেটিং সিস্টেম তৈরির কথা ভাবছে দক্ষিণ কোরিয়ার ইলেকট্রনিক পণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং। যুক্তরাষ্ট্রের টেলিযোগাযোগ প্রতিষ্ঠান ভেরিজন কমিউনিকেশনসের প্রধান নির্বাহী লাওয়েল ম্যাকাডাম সম্প্রতি এমন ইঙ্গিত দিয়েছেন। এক খবরে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।৮ সেপ্টেম্বর লাওয়েল ম্যাকাডাম রয়টার্সকে জানিয়েছেন, স্মার্টফোন সফটওয়্যারের বাজারে বড় ধরনের চমক দিতে পারে স্যামসাং। বর্তমানে গুগলের অ্যান্ড্রয়েড ও অ্যাপলের আইওএস অপারেটিং সিস্টেম মোবাইল অপারেটিং সিস্টেমের বাজার দখল করে রেখেছে। মোবাইল সফটওয়্যার নির্মাতা রিসার্চ ইন মোশন (রিম) বর্তমানে সংকটের মধ্যে রয়েছে। এ প্রতিষ্ঠানটির নতুন অপারেটিং সিস্টেম বাজারে আসবে আগামী বছর।ম্যাকাডাম জানিয়েছেন, ভেরিজন অ্যান্ড্রয়েড ও আইওএস ছাড়াও উইন্ডোজ ফোন বিক্রি করবে। পাশাপাশি ব্ল্যাকবেরিও বিক্রি করবে। তবে অপারেটিং সিস্টেমের বাজারে স্যামসাং নতুন প্রতিদ্বন্দ্বী হয়ে এলেও স্বাগত জানাবে ভেরিজন।উল্লেখ্য, স্যামসাং ইতিমধ্যেই লোয়ার এন্ড বা সাশ্রয়ী দামের স্মার্টফোনগুলোর জন্য ‘বাডা’ নামে অপারেটিং সিস্টেম তৈরি করেছে। তবে বেশি দামের স্মার্টফোনগুলোর জন্য অ্যান্ড্রয়েডের ওপর নির্ভরশীল স্যামসাং।প্রযুক্তি বিশ্লেষকরা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে অ্যাপলের সঙ্গে পেটেন্ট সংক্রান্ত এক মামলায় হেরে যাওয়ার পর, ভবিষ্যতের কথা ভেবেই স্যামসাংয়ের নতুন অপারেটিং সিস্টেমের প্রয়োজন হতে পারে। তবে চার্টার ইকুয়িটি রিসার্চ নামের একটি প্রতিষ্ঠানের বিশ্লেষকদের মতে, অ্যান্ড্রয়েড ও অ্যাপলের অপারেটিং সিস্টেমের প্রতিদ্বন্দ্বিতায় স্যামসাংয়ের নতুন অপারেটিং সিস্টেম আদৌ সাফল্য পাবে কি না তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।