
বিক্রি শুরু হয়েছে অ্যাপল কম্পিউটারের নতুন আইফোন ৬ এবং ৬ প্লাসের। গত শুক্রবার রাত থেকে এই ফোন দুটির বিক্রি শুরু হয়। আগে যাঁরা প্রি-অর্ডার দিয়ে রেখেছিলেন তাঁদের পাশাপাশি অনেকেই অ্যাপল স্টোরের বাইরে তাঁবু পেতে অপেক্ষায় ছিলেন। যুক্তরাষ্ট্র ছাড়াও অস্ট্রেলিয়া, ফ্রান্স, সিঙ্গাপুর, জাপানের অ্যাপল স্টোরের সামনে ক্রেতাদের একই ধরনের ভিড় ছিল। তবে শুরুর দিনের জন্য সীমিত সংখ্যায় আইফোন ছাড়া হয়েছে বলে জানা গেছে। এর আগে ৯ সেপ্টেম্বর বড় পর্দার নতুন দুটি মডেলের আইফোনের ঘোষণা দেন অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুক। ঘোষণার পরই নতুন আইফোন কেনার জন্য প্রথম দিনই ৪০ লাখ প্রি-অর্ডার পায় অ্যাপল। ৪.৭ ও ৫.৫ ইঞ্চি পর্দার নতুন আইফোনে যুক্ত হয়েছে আইওএস ৮। রয়েছে ১৬, ৬৪ এবং ১২৮ গিগাবাইট সংস্করণ।
আইফোন ৬ এবং আইফোন ৬ প্লাস বিক্রির এমন হার দেখে প্রযুক্তি বিশ্লেষকেরা ধারণা করছেন এবার নতুন আইফোনগুলোর বিক্রি ১০ কোটি ছাড়িয়ে যাবে। আর চলতি বছরই এই পরিমাণ বিক্রির সম্ভাবনা রয়েছে। ধারণা করা হচ্ছে, বেশির ভাগ আইফোন ক্রেতাই তাঁদের পুরোনো আইফোন বদলে নতুন আইফোন কিনবেন। অ্যাপলের নতুন এ পণ্যের প্রতি গ্রাহকদের এমন আগ্রহ অ্যান্ড্রয়েডের সঙ্গে টিকে থাকার ব্যাপারে অ্যাপলকে এগিয়ে রাখবে বলে ধারণা করছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। —বিজনেস উইক ও বিজনেস ইনসাইডার অবলম্বনে কাজী আলম