নতুন আইফোন বিক্রি শুরু করছে গ্রামীণফোন

আনুষ্ঠানিকভাবে আইফোন ৬ এস ও ৬ এস প্লাস বাজারে এনেছে মোবাইল অপারেটর গ্রামীণফোন। আজ রাজধানীতে গ্রামীণফোনের কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে
গ্রামীণফোনের প্রধান বিপণন কর্মকর্তা ইয়াসির আজমান আগাম ফরমাশ (প্রি-বুকিং) দেওয়া গ্রাহকদের হাতে নতুন আইফোন তুলে দেন। ২৩ অক্টোবর আইফোনের ১৭টি গ্রামীণফোন সেন্টার ও এক্সপেরিয়েন্স সেন্টারের মাধ্যমে প্রি বুকিং নিতে শুরু করেছিল গ্রামীণফোন।
অনুষ্ঠানে গ্রামীণফোনের প্রধান বিপণন কর্মকর্তা বলেন, বাংলাদেশে সময়মতো আইফোন নিয়ে আসতে পেরে এবং আকর্ষণীয় বান্ডল অফার ও ইএমআই সুবিধাসহ তা বাজারজাত করতে পেরে আমরা আনন্দিত। সব ধরনের গ্রাহকদের জন্য তাদের চাহিদা অনুযায়ী যথাযথ ডিজিটাল অভিজ্ঞতা দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
এক বিজ্ঞপ্তিতে গ্রামীণফোন কর্তৃপক্ষ জানায়, এখন থেকে গ্রামীণফোন সেন্টারগুলোয় আইফোন ৬ এস ও ৬ এস প্লাস পাওয়া যাবে। গ্রামীণফোনের স্টার গ্রাহকেরা ২৪টি সহজ মাসিক কিস্তিতে আর সাধারণ গ্রাহকেরা ১২টি সহজ মাসিক কিস্তিতে নতুন মডেলের আইফোন কিনতে পারবেন। আইফোনের ক্রেতারা গ্রামীণফোনের হেভি ব্রাউজিং ননস্টপ ইন্টারনেট প্যাকেজ কিনলে এর ওপর শতকরা ৫০ ভাগ ছাড় পাবেন। ৩০ দিন মেয়াদের এই ইন্টারনেট প্যাকেজ তাঁরা ফোন কেনার প্রথম দুই মাসের মধ্যে আটবার বার নিতে পারবেন। তাঁরা গ্রামীণফোনের ০১৭১১ সিরিজের প্রিপেইড নাম্বার পাবেন বিনা মূল্যে, সঙ্গে পাবেন এক বছরের ওয়ারেন্টি।