নতুন আইফোন সত্যিই কী হতাশ করেছে?

নতুন দুই মডেলের আইফোন নিয়ে এখন ব্লগ, বিশ্লেষক, প্রযুক্তিপ্রেমী সবার মধ্যেই আলোচনা-সমালোচনা। অনেকেই বলছেন, আইফোন হারিয়ে ফেলেছে উদ্ভাবনী চমক। সত্যিই কী তাই?
অ্যাপলের নতুন আইফোনের অভিনবত্ব বলতে প্লাস্টিকের তৈরি আইফোন ৫সি মডেল, ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তি, আইওএসের নতুন সংস্করণ, দ্রুতগতির প্রসেসর। কম কী? ওয়াল স্ট্রিটের বিশ্লেষকেরা জানিয়েছেন, এই প্রথম রীতি ভেঙে আইফোন ৫সি আনলেও সমালোচনা হচ্ছে অ্যাপলের। ৫এসের মতো দামি সংস্করণে বর্তমানে বাজারে থাকা আইফোন ৫ থেকে সামান্য পার্থক্য রয়েছে। পলিকার্বনেট বা শক্ত প্লাস্টিকের আইফোন ৫সিতেও চমক নেই।
সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, অ্যাপলের সহ-প্রতিষ্ঠাতা স্টিভ জবস মারা যাওয়ার পর অ্যাপলের সৃজনশীলতা আর উদ্ভাবনী ক্ষমতা কমে গেছে। একটা সময় স্টিভ জবস নতুন আইফোন বাজারে আনছেন এটা ভাবলেই অ্যাপল ভক্তদের মধ্যে আলোড়ন তৈরি হতো। নতুন আইফোন কিনতে বিভিন্ন দেশে অ্যাপল স্টোরের সামনে লাইন পড়ে যেতো। স্টিভ জবস আইফোনের নতুন মডেল হাতে মঞ্চে দাঁড়ালে সমালোচকদের মুখ বন্ধ হয়ে সমালোচনার পরিবর্তে প্রশংসা জুটত। আহা নেহাত মন্দ নয়!
নতুন আইফোন কেনো হতাশ করছে এর একাধিক ব্যাখ্যা দিচ্ছেন প্রযুক্তি বিশ্লেষকেরা। তাদের বক্তব্য হচ্ছে, কোনো নতুন চমক নেই৷ প্রসেসর, উন্নত ক্যামেরা, মোশন সেন্সর আর ফিঙ্গারপ্রিন্ট যথেষ্ট নয়। অ্যাপলের কাছে প্রত্যাশা আরও বেশি। নকশায় আর ফিচারে প্রতিদ্বন্দ্বী স্যামসাং, নকিয়া, এইচটিসি, সনি, এলজি, মটোরোলার চেয়ে কোন দিক থেকে এগিয়ে আইফোন?
অ্যাপলের সঙ্গে এখন সরাসরি প্রতিদ্বন্দ্বিতায় নেমে পড়েছে গুগল ও মাইক্রোসফট। ইতিমধ্যে জনপ্রিয়তায় অ্যান্ড্রয়েডের পেছনে পড়ে গেছে আইওএস। মাইক্রোসফটের উইন্ডোজ উঠে আসছে। এ অবস্থায় অ্যাপলের কাছে যে প্রত্যাশা ছিল, সে প্রত্যাশা তারা পূরণ করতে পারেনি।
ধারণা করা হচ্ছিল, প্লাস্টিকের আইফোনের দাম হবে হাতের নাগালে। কিন্তু এই মডেলটির দাম অনেকের কাছেই আর সস্তার মনে হচ্ছে না। যুক্তরাষ্ট্রে আইফোন ৫সি-র দাম ধরা হয়েছে প্রায় সাড়ে পাঁচশো ডলার৷ চীনে তা ৭০০ ডলারেরও বেশি৷ এর চেয়ে গুগলের ‘অ্যান্ড্রয়েড’নির্ভর স্মার্টফোন সস্তায় পাওয়া যায়।
অনেকে মনে করছেন, অ্যাপল ধরাশায়ী হয়েছে অতীত সাফল্যের কাছে। আইপড, আইপ্যাড, আইফোনের মতো বৈপ্লবিক পণ্যের উদ্ভাবকের কাছে তারা শুধু আগের পণ্যের আপডেট পাচ্ছেন এটা তারা যেন বিশ্বাসই করতে পারছেন না। যে অ্যাপল সব সময় উদ্ভাবনের বাজি খেলা করেছে এবং প্রতিবারই জিতেছে তার কাছে প্রতিযোগিতায় হেরে যাওয়ার আশঙ্কা এখন। আর এই প্রতিযোগিতায় হেরে যাওয়ার আশঙ্কা মেনে নিতে ভয় হচ্ছে অ্যাপলের গোড়া ভক্তদের।
অবশ্য অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক অবশ্য ভাবছেন অন্যভাবে। টিম কুককে যারা জানেন, তাঁরা মানেন যে এই লোকটি অসাধারণ ব্যবসায়ী এবং তাঁর মস্তিষ্ক ক্ষুরধার। টিম কুকের কাছে অ্যাপল এখনও ধরে রেখেছে ঐতিহ্য। প্রতিষ্ঠানটি যে পণ্যের মানের সঙ্গে কখনও আপস করে না তিনি তা আবারও প্রমাণ করতে চান। অনেকেই বিশ্বাস করেন, বর্তমানে স্মার্টফোনের যুদ্ধে অ্যাপল যে সঠিক পরিকল্পনা করে এগোচ্ছে।
প্রত্যাশা পূরণে অ্যাপল ব্যর্থ হয়েছে বলে যাঁরা সমালোচনা করছেন, নতুন আইফোন বাজারে এলে তারা ঠিকঠাকই নতুন আইফোন কিনবেন। আসলে সমালোচনা যাই হোক, তাঁদের কাছে অ্যাপলের নতুন আইফোন আগে। তাঁদের বক্তব্যটা অনেকটা এ রকম, বাজারে প্রতিদ্বন্দ্বী স্মার্টফোনগুলোর সঙ্গে মিলিয়ে দেখলে ঠিকই দেখা যাবে, আইফোন ৫এস ও ৫সি এ দুটি মডেলে যে ফিচার রয়েছে তা তুলনামূলকভাবে সময় উপযোগী।