নতুন আঙ্গিকে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ওয়েবসাইট নতুন আঙ্গিকে তৈরি করা হয়েছে। গতকাল বুধবার সকালে বাংলা ও ইংরেজি আলাদা সংস্করণসহ তৈরি করা এ ওয়েবসাইট (www.sust.edu) উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আমিনুল হক ভূইয়া। বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ও তথ্যকেন্দ্রের পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ভারপ্রাপ্ত ডিন মুশতাক আহমদ, গণিত বিভাগের প্রধান মো. আনোয়ারুল ইসলাম, অর্থনীতি বিভাগের প্রধান সৈয়দ হাসানুজ্জামান, আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক হিমাদ্রী শেখর রায়, সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক এ এইচ এম বেলায়েত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
পেজটি তৈরিতে এইচটিএমএল, সিএসএসের পাশাপাশি পিএইচপি ফ্রেমওয়ার্ক লারাভেল ব্যবহার করা হয়েছে। আগের ওয়েবসাইটে কোনো বাংলা পেজ ছিল না। নতুন আঙ্গিকে বানানো সাইটের ওয়েব পেজগুলোতে বাংলা ও ইংরেজি সংস্করণ রয়েছে।
মিসবাহ্ উদ্দিন, শাবিপ্রবি প্রতিনিধি